বাংলানিউজসিএ ডেস্ক :: ইফতারে মিষ্টি কিছু খেতে চাইলে বুন্দিয়া তৈরি করতে পারেন। খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারেন বুন্দিয়া। কিনে খাওয়ার চেয়ে ঘরে তৈরি বুন্দিয়া স্বাস্থ্যকর।
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন বুন্দিয়া-
উপকরণ
বেসন ১ কাপ, পানি পরিমাণমতো, ঘি ১ চা চামচ, ফুড কালার ইচ্ছানুযায়ী, লবণ ১ চিমটি।
সিরার জন্য
চিনি ১ কাপ, পানি ১-২ কাপ, এলাচ ৩টি, ঘি ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ।
ভাজার জন্য
তেল ২ কাপ।
যেভাবে করবেন
বেসন চেলে অল্প অল্প পানি দিয়ে ফেটে ঘন ব্যাটার বানান। লবণ ও ঘি মিশান। ব্যাটারের কিছু অংশ তুলে পছন্দমতো এক বা একাধিক ফুড কালার মিশিয়ে আলাদা করে রাখুন।
তেল গরম দিন। মাঝারি আঁচে বুন্দিয়া বানানোর ঝাঁঝরিতে ব্যাটার অল্প অল্প করে গরম তেলে ফেলুন। ভেজে উঠান।
সিরা তৈরি
পানি ও চিনি একত্রে জ্বাল দিন। এলাচ ফাটিয়ে দিন। ঘি ও লেবুর রস দিন। চুলার আঁচ মৃদু করে ভাজা বুন্দিয়াগুলো দিয়ে দিন। ৪-৫ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ঘণ্টা দুয়েক পর পরিবেশন করুন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৯ মে ২০২০/এমএম





