Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের চামড়া খাতে অর্থের প্রবাহ বাড়াতে নীতিগত ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ব্যবসায়ীদের জন্য ঋণ গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ব্যবসায়ীর আগে পুনঃতফসিল করা ঋণ রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ নেওয়ার সময় পুরোনো ঋণের কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এ ছাড়া কাঁচা চামড়া ক্রয়ের জন্য চলতি মূলধন ঋণ দ্রুত অনুমোদন ও বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছে অর্থ পৌঁছে দিতে ব্যাংকগুলোকে বাড়তি নজর দিতে বলা হয়েছে, যাতে গ্রামাঞ্চল থেকেই চামড়া সংগ্রহ কার্যক্রম সচল থাকে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, প্রত্যেক ব্যাংককে চামড়া খাতে ঋণ বিতরণের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। ২০২৬ সালের জন্য নির্ধারিত এই লক্ষ্যমাত্রা ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যের চেয়ে কম রাখা যাবে না।

নির্ধারিত লক্ষ্য ও ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ মে ২০২৬/এএ


Array