প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ শুরু করার পর সোমবার তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের পাল্টা হুমকির কারণে এই মূল্য বেড়েছে। কারণ বিশ্বে মোট তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৪.১৬ ডলার বেড়ে ৯৯.৩৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২.৫১ ডলার বেড়ে ৯৯.০৮ ডলারে পৌঁছেছে।
তবে দিনের শুরুতে দাম আরও বেশি বেড়েছিল। পরে কিছুটা কমে আসে, যা বাজারে চলমান অস্থিরতার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত বক্তব্যও বাজারে দোলাচল তৈরি করছে।
এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ চাপের মুখে পড়েছে।
এর প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়ছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোক্তারা খরচ কমাতে বাধ্য হচ্ছেন। ইউরোপেও জ্বালানি ব্যয় বেড়ে গেছে, ফলে সরকারগুলো জরুরি সহায়তা পরিকল্পনা নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বৈশ্বিক অর্থনীতি আরও চাপে পড়তে পারে। সূত্র : শাফাক নিউজ
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ এপ্রিল ২০২৬/এএ





