বাংলানিউজসিএ ডেস্ক :: দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এরপরও পেঁয়াজের দামে লাগাম টানা যাচ্ছে না।
বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রির তেমন প্রভাব নেই। খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৮০ টাকায় দাঁড়িয়েছে। এতদিন শুধু পাঁচটি ট্রাকে করে একেক দিন রাজধানীর একেক স্থানে ৪৫ টাকা কেজিদরে বিক্রি করেছে সংস্থাটি। যদিও রোববার থেকে ১০টি ট্রাক করে ২০টি স্পটে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
দেশের দৈনিক চাহিদা ছয় থেকে সাত হাজার টন। দাম স্বাভাবিক রাখতে সারা দেশে পেঁয়াজ বিক্রির কথা থাকলেও এখন রাজধানীতে অন্য সময়ে টিসিবির নির্ধারিত ৩৬ পয়েন্টেই তা জোগান দিতে পারছে না। কেননা স্বল্পতম সময়ে পেঁয়াজ সংগ্রহ করতে পারেনি সংস্থাটি। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে পেঁয়াজের দাম কমে যাবে বলে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আশার বাণী শুনিয়েছিলেন বাণিজ্য সচিব। তবে পাঁচ দিন পেরিয়ে গেলেও বাজারে দাম কমার কোনো প্রভাব পড়েনি। উল্টো প্রতিদিন হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম।
রাজধানীর মতিঝিল, মুগদা, খিলগাঁও, মালিবাগসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে রোববার দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রতিবেশী দেশ ভারতে পেঁয়াজের রফতানিমূল্য তিনগুণ বাড়িয়ে দিয়েছে। মূলত এর প্রভাবেই দেশের বাজারে গত ২০ দিনে ৮০ টাকায় উঠেছে পেঁয়াজের ঝাঁজ।
রাজধানীর কারওয়ানবাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ছে। বন্দরে কেনার দাম বেশি পড়ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। রোববার আমদানি করা পেঁয়াজ পাইকারি বিক্রি করছি ৬২ থেকে ৬৫ টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি করছি ৭০ থেকে ৭৫ টাকায়। গত এক সপ্তাহে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। ট্যারিফ কমিশনের হিসাবে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৪ লাখ টন। চাহিদার বিপরীতে দেশের উৎপাদন হয় ১২ থেকে ১৩ লাখ টন পেঁয়াজ। বাকি ১০ থেকে ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়, যার বেশির ভাগই আসে ভারত থেকে। এদিকে বাজারে পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশে ন্যায্যমূল্যে ট্রাকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে ৪৫ টাকা দরে আমদানি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। এ বিষয়ে রোববার টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্পটে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রথমে পাঁচটি স্পটে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে আজ রোববার থেকে ১০টি ট্রাকে ২০টি স্পটে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে। একজন ডিলার ৪৫ টাকা কেজিদরে প্রতিদিন এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি করছে।
রাজধানীর যেসব স্থানে টিসিবি রোববার পেঁয়াজ বিক্রি করছে সেগুলো হল- জাতীয় প্রেস ক্লাবের সামনে, সৈনিক ক্লাব, জুরাইন পোস্তগোলা, মিরপুর ৬০ ফিট, আনসার ক্যাম্প, মোহাম্মদপুর, বশিলা, নিউমার্কেট, ছাপরা মসজিদ, আজমপুর, উত্তরা, রামপুরা, বনশ্রী, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে, দিলকুশা বক চত্বর, কামরাঙ্গীরচর, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ ও কচুক্ষেত এলাকা।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ সেপ্টেম্বর ২০১৯/ এমএম





