প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। কেউ বাড়িতেই যোগাসন ও ব্যায়াম করে থাকেন। কেউ আবার খোলা মাঠে, পার্কে বা জিমে গিয়ে ঘাম ঝরাতে বেশি আগ্রহী। তবে অনেকেই হয়তো জানেন না নিয়মিত শরীরচর্চা, খাওয়াদাওয়ায় বিধিনিষেধ মেনে চলা সত্ত্বেও দিনের কোন সময়ে শরীরচর্চা করছেন তার ওপরেও নির্ভর করে ওজন কমার বিষয়টি।
অনেকেই সব কাজ সেরে, অফিস থেকে ফিরে সন্ধ্যার দিকে ব্যায়াম করেন। কেউ আবার সকালটা শুরু করেন শরীরচর্চা দিয়ে। সকাল-সকাল ব্যায়ামটা সেরে ফেলতে পারলে সারাদিন আর কোনো চিন্তা থাকে না। দুপুরে, বিকালে কিংবা রাতে ব্যায়াম করলে, মাঝেমধ্যে সেই অভ্যাসে ছেদ পড়তে পারে।
সকালে ব্যায়াম করার অভ্যাসে সারাদিন শরীর সুস্থ ও সচল থাকে ‘জার্নাল অব ফিজিওলজি’তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ব্যায়াম করার অভ্যাসে সারাদিন শরীর সুস্থ ও সচল থাকে। চনমনে থাকতে সাহায্য করে। ওজন কমাতেও সাহায্য করে সকালের ব্যায়াম। তবে শুধু সকাল নয়, দুপুর বা বিকালে ব্যায়াম করলেও উপকার পেতে পারেন। বেলা ১টা থেকে ৪টার মধ্যে ব্যায়াম করলে পেশি নমনীয় থাকে। ‘জার্নাল অব ফিজিওলজি’র পরিসংখ্যান বলছে, এই সময় ব্যায়াম করলে ক্যালরি খরচের হার তুলনামূলক বেড়ে যায়।
সন্ধ্যার পরও ব্যায়াম করতে পারেন। কিন্তু ‘জার্নাল অব ফিজিওলজি’র গবেষণা জানাচ্ছে, সন্ধ্যার পর ব্যায়াম করার অভ্যাস ঘুমের ঘাটতির কারণ হতে পারে। বিশেষ করে এই সময় যদি ভারী কোনো ব্যায়াম করে থাকেন। তাহলে ঠিক কখন ব্যায়াম করলে সবচেয়ে লাভবান হওয়া সম্ভব?
সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই সাধারণত ব্যায়ামের আদর্শ সময় বলে কিছু হয়না। দিনের যে সময়টিতে আপনি সবচেয়ে সুস্থ ও সতেজ বোধ করবেন, যখন সময় করতে পারবেন তখনই ব্যায়াম করা ভালো। ব্যায়ামের উদ্দেশ্যটাও মাথায় রাখা প্রয়োজন। যদি ওজন কমানোই একমাত্র উদ্দেশ্য হয়, তা হলে সকালে খালিপেটে ব্যায়াম করাই সবচেয়ে ভালো। পেশি সবল করতে চাইলে দুপুরের দিকে ব্যায়াম করুন। তবে খালিপেটে নয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ জুন ২০২২ /এমএম





