প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। পুরুষরাও এই ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশেও বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা।আন্তর্জাতিক সংস্থা আইএআরসি’র হিসেবে, বাংলাদেশে প্রতি বছর ১৩ হাজারের বেশি নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হন। মারা যান ৬৭৮৩ জন। স্তন ক্যানসারের ঝুঁকি এড়াতে প্রয়োজন সচেতনতা। কেননা স্তন ক্যানসারে মৃত্যু ঝুঁকি যেমন বেশি তেমনি রোগ নির্ণয়ের প্রথম থেকে সঠিক চিকিৎসার মাধ্যমে শতভাগ নিরাময়ও সম্ভব। আর তাই অধিক সতর্কতা অবলম্বনের মাধ্যমে স্তন ক্যানসারের ঝুঁকি এড়ানো সম্ভব। এক্ষেত্রে প্রত্যেকের সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
লক্ষণ
স্তনে চাকা বা পিণ্ড দেখা দিলে
স্তনের বোঁটার কোন ধরনের পরিবর্তন, যেমন ভেতরে ঢুকে গেলে, অসমান বা বাঁকা হয়ে গেলে
স্তনের বোঁটা দিয়ে অস্বাভাবিক রস বের হলে
স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হলে
বাহুমূলে পিণ্ড বা চাকা দেখা গেলে
এর মাঝে যেকোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও স্তন ক্যানসার ঝুঁকি এড়াতে মেনে চলুন কিছু সতর্কতা:
অন্তর্বাস ব্যবহারে সতর্ক থাকা, সঠিক মাপ জানা, নির্দিষ্ট প্রয়োজনীয় সময় ব্যতীত ব্যবহার না করাই উত্তম।
খাবার দাবারে সুষম পুষ্টিগুণ বজায় রেখে খাদ্যাভ্যাস গড়ে তোলা।
নিয়মিত ঘরে বসেই স্তন পরীক্ষা করা
অতিরিক্ত মদ্যপানের কারণেও স্তন ক্যানসার হয়ে থাকে, তাই অতিরিক্ত মদ্যপান হতে বিরত থাকতে হবে।
শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখা। পুরুষদের থেকে নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। তাই প্রতিদিন কমপক্ষে আধঘণ্টা ব্যায়াম করা এই ঝুঁকি এড়াতে শরীরের জন্য উত্তম ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





