প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শরীর সুস্থ রাখার জন্য যেমন প্রয়োজন সুষম খাদ্য। তেমনি প্রয়োজন ঘুম। শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল থাকতে হলে চাই পর্যাপ্ত ঘুম। প্রশ্ন হচ্ছে কতক্ষণ ঘুমাবেন। কে বেশি ঘুমাবেন? নারী নাকি পুরুষ।বিশেষজ্ঞদের মতে, পুরুষের তুলনায় একটু বেশি ঘুমানো উচিত নারীদের।
২০১৪ সালে ঘুমের ওপর একটি গবেষণা চলে। ওই ‘এক্সপ্লোরিং সেক্স জেন্ডার ডিফারেন্স অন স্লিপ হেলথ: অ্যা সোসাইটি ফর ওমেনস হেলথ রিসার্চ রিপোর্ট’- পুরুষ ও নারীর ঘুমের সময়ের মধ্যে অনেক পার্থক্য দেখা যায় বলে উল্লেখ করা হয়। নারীদের মধ্যে ইনসোমেনিয়া এবং রেস্ট লেস সিনড্রোমও পুরুষের তুলনায় ৪০ শতাংশ বেশি থাকে। এই কারণেই নাকি পুরুষের তুলনায় ঘুম কম হয় নারীদের।
বিশেষজ্ঞ জানাচ্ছেন একজন পুরুষ খুব দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন। তবে কিছু নারী সেটা পারেন না। কিন্তু তাদেরও যে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। তাই ভালো ঘুমের জন্য তাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
কেন বেশি ঘুমাতে হয়?
শরীরের গঠনের কারণেই নারীদের পুরুষের তুলনায় বেশি ঘুমাতে হয়। এছাড়া সারাদিনে নারীদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। অফিস, বাড়ি- কতকিছু সামলাতে হয় তাকে। তাই তাদের ঘুমের প্রয়োজন একটু বেশি।
তবে দেখা গেছে পুরুষরা অনেক বেশি গভীর ঘুমান। সেদিক থেকে নারীরা এতটা গভীর ঘুমাতে পারেন না। তারা ঘুমের মাঝপথেই উঠে যান। তবে নারীরা অনেক ক্ষেত্রে দুপুরেও ঘুমিয়ে পড়েন। এটা বেশ সমস্যায় ফেলতে পারে তাদের।
নারীদের বেশি ঘুম কেন দরকার-
১. বেশিরভাগ নারীই ইনসোমেনিয়া এবং রেস্ট লেস লেগ সিনড্রোমে ভোগেন। তাই তাদের ঘুম ঠিকমতো হয় না।
২. নারীদের শরীরে হরমোনের নানাবিধ পরিবর্তন হতেই থাকে। এই কারণে তাদের ভালো মতো ঘুম দরকার।
৩. নারীরা পুরুষের তুলনায় মানসিকভাবে বিভিন্ন সমস্যায় বেশি পড়তে পারেন। এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল ডিপ্রেশন।
৪. নারীরা নিজেদের জীবনযাপানের কোনো খেয়ালই রাখেন না। এবার এভাবে রোজকার জীবনযাত্রায় ঘুম কম হলে তাদের শরীরের ওপর ব্যাপক প্রভাব পড়ে। তখন দেখা দেয় সমস্যা। তাই ঠিক মতো ঘুমানো উচিত।
কতটা বেশি ঘুম দরকার?
কতটা ঘুম দরকার, তা ব্যক্তিবিশেষে বদলে যায়। তবে সাধারাণত পুরুষের তুলনায় নারীর ২০ থেকে ৩০ মিনিট বেশি ঘুম দরকার। তবেই ভালো থাকা সম্ভব।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





