প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রতিদিনের খাদ্য তালিকার একটি অপরিহার্য উপাদান হলো লবণ। লবণ ছাড়া রান্না প্রায় হয় না বললেই চলে। কিন্তু এ কথাও আমরা অনেকেই জানি যে, অতিরিক্ত মাত্রায় লবণ খেলে বাড়ে রক্তচাপ। অতিরিক্ত মাত্রায় লবণ খেলে শুধু রক্তচাপ বাড়াই নয়, একই সঙ্গে একাধিক স্বাস্থ্য সমস্যা মাথাচাড়া দিতে পারে। বাড়ে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকিও!
পুষ্টিবিদেরা বলছেন, সারাদিনে ৫ গ্রামের বেশি লবণ খাওয়া অনুচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বিষয়ে অনুমোদন দিয়েছে। ‘হু’ বলছে, একজন সুস্থ স্বাস্থ্যবান মানুষের প্রতিদিন ৫ গ্রামের বেশি লবণ না খাওয়াই ভালো। এর বেশি লবণ খাওয়া মানে, উচ্চ রক্তচাপ ও হৃদরোগকে বাড়িতে ডেকে আনা।
গবেষণায় দেখা গেছে, ১৮৭টি দেশের সাধারণ মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখেছেন বহু ক্ষেত্রেই দিনে ৫ গ্রামের চেয়ে বেশি পরিমাণ লবণ খেয়ে থাকেন অধিকাংশ দেশের মানুষ। ওই গবেষণায় জানা গিয়েছে, গোটা বিশ্বের হিসাবে একজন মানুষ গড়ে ৩.৯৫ গ্রাম লবণ খেয়ে থাকেন। তবে মধ্য এশিয়ায় বসবাসকারী মানুষের লবণ খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।
গবেষকরা জানান, শরীরের সোডিয়াম-পটাশিয়াম জরুরি। শরীরকে সুস্থ রাখতে এই দুই উপাদানই খুব জরুরি। একজন যদি প্রতিদিন ৫ গ্রাম করে লবণ খান তবে তার শরীরে এই দুই উপাদানই সুষম পরিমাণে থাকবে।
অন্যথায় বেশি লবণ খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। আর এর জেরে হাড় দুর্বল হয়ে পড়ে। উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দেয়। আর যদি উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে থাকে তবে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
‘হু’-র পর্যবেক্ষণ হল– প্রতি বছর ৩০ লাখ মানুষ বেশি লবণ খেয়ে সেই জনিত সমস্যায় ভুগে মারা যান। কারণ, ‘হু’ দেখেছে যারা এই ধরনের সমস্যায় ভুগতে থাকেন তারা নিয়মিত ৫ গ্রামের চেয়ে অনেকটা বেশি, অনেক ক্ষেত্রে ৯-১২ গ্রাম পর্যন্ত লবণ খান। অর্থাৎ, প্রয়োজনের প্রায় দ্বিগুণ। যদি লবণ খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে এর মধ্যে অন্তত ২৫ লক্ষ প্রাণ বেঁচে যায়।
অতিরিক্ত লবণ খাওয়া যেভাবে নিয়ন্ত্রণ করবেন
খাবার টেবিলে লবণের কৌটো রাখবেন না। আর খিদে পেলে স্ন্যাক্স বা চিপস জাতীয় খাবার কম খান। কিংবা ‘লো সোডিয়াম ফুড আইটেম’ কেনা অভ্যাস করুন।
মেডিক্যাল এক্সপার্টেরা বলেন, লবণের দুটি প্রধান উপাদান– সোডিয়াম ও পটাশিয়াম। তবে লবণে সোডিয়ামের পরিমাণই বেশি, তুলনায় পটাশিয়ামের পরিমাণ অনেকটাই কম। এই পরিস্থিতিতে যারা বেশি নুন খান তারা কিন্তু শরীরে সোডিয়ামই বেশি গ্রহণ করে ফেলেন। আর তাতে বিপুল ক্ষতি ঘটে যায় শরীরের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অতিরিক্ত মাত্রায় লবণ খাওয়ার অভ্যাস হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে চাইলে প্রতিদিন ৫ গ্রামের বেশি লবণ (এক চায়ের চামচ) খাওয়া থেকে বিরত থাকুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২১ /এমএম





