প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জীবনের রঙকে নিজের যাপিত মুহূর্তগুলোতে সর্বত্র ছড়িয়ে দেওয়ার ইচ্ছে থাকে অনেকের। সে পোশাকে হোক বা মেকআপে। আজকাল ভিন্ন রঙের চুল বেশ নজর কাড়ছে তরুণীদের মাঝে। পিঠ ছাপানো একঢাল কালো চুলের আবেদন যতটা, কাঁধ ছোঁয়া বাদামি আভা ছিটকোনো ঝলমলে লেয়ার্ড চুলের আবেদনও এ সময়ে তার চেয়ে কোনো অংশে কম নয়।
একটা সময় ছিল যখন চুল রঙ করার কথা মেয়েরা ভাবতেন চুলে পাক ধরতে শুরু করার পর। সে সময় থেকে মেয়েরা এখন বহুদূর এগিয়ে গেছেন। চুলের রঙ এখন আর নেহাতই প্রয়োজন নয় বরং রীতিমতো ফ্যাশন স্টেটমেন্ট। কিন্তু চুল রঙ করার আগে মনে রাখতে হবে সবাইকে সব রঙের চুলে মানাবে না।
চুলে কোন রঙটি বেছে নেবেন, সে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। প্রয়োজনে পরামর্শ নিতে পারেন হেয়ার এক্সপার্টের। নিজের বয়স, পেশা, কাজের জায়গা আর ব্যক্তিত্ব বুঝিয়ে বলুন। কারণ, চুলের রঙ বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিত্ব, পেশা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু বাহ্যিক গুটি কয়েক বিষয়ের গুরুত্বকেও ভুলে যাওয়া যাবে না। ত্বকের রঙ এ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলানিন নামে একটি রঞ্জক উপাদান আমাদের ত্বক, চুলের রঙ নির্ধারণে ভূমিকা রাখে। শুধু তাই নয়, জলবায়ুর তারতম্যে আমাদের ত্বকের রঙ কীভাবে ও কতোটা পাল্টাবে, তাও নির্ধারণ করে দেয় মেলানিন। শরীরে মেলানিনের পরিমাণে তারতম্য প্রকাশিত হয় চুল ও ত্বকে। তাই চুলের জন্য মানানসই রঙ বেছে নেওয়ার সময় ত্বকের রঙ সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে।
চুলে রঙের হালকা সৌন্দর্য যারা চান, তারা কিন্তু উজ্জ্বল শেডে তেমনভাবে আগ্রহী হন না। বরং একটু আলাদা ধরণের শেড তাদের চাহিদায় থাকে। বার্গান্ডি, চেরি রেড, ব্রাউনের ব্যবহার দেখা যায় সব থেকে বেশি। এ ধরনের রঙ পুরো চুলকে রাঙিয়ে নিলেও কালোকে একদম হারিয়ে যেতে দেয় না। বরং চুলের কালোর সঙ্গে মিলেমিশে তৈরি করে অন্যরকম সৌন্দর্য।
বাদামি হেয়ার কালারটি নানা শেডে পাওয়া যায়। তাই ফর্সা থেকে শুরু করে শ্যামলা ত্বকেও দারুণ মানানসই এই শেডটি। বাদামির মতো বার্গান্ডিও বেশির ভাগ ত্বকের সঙ্গে মানিয়ে যায়। যে ধরণের গায়ের রঙই আপনার হোক না কেন, বার্গান্ডি আপনাকে দারুণ লুক এনে দিতে পারে। এর মূল কারণ, এদেশের মেয়েদের ত্বক সাধারণত উষ্ণ টোনেরই হয়। গাঢ় বাদামি, লাল বা বার্গান্ডির মতো শেড ত্বকের সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়।
চুলের জনপ্রিয় রঙগুলোর মাঝে বাদামি, বার্গান্ডি, লালের বিভিন্ন শেড ও সোনালি অন্যতম। এমন রঙ বাছুন, যা আপনার চুলের আসল রঙের চেয়ে এক বা দুই শেড হালকা অথবা গাঢ় হয়। আপনার চোখের মণি যে রঙের, সেই রঙের হেয়ার কালার বেছে নিলেও মানানসই হবে। অন্যদিকে শ্যামবর্ণদের ভালো দেখাবে গাঢ় লাল শেডে। কিন্তু সোনালি রঙ ব্যবহারে বাড়তি সাবধানতা দরকার। উজ্জ্বল ফর্সারা সোনালি রঙ লাগাতে পারেন। কিন্তু শ্যামবর্ণ ত্বকে সোনালি এড়িয়ে গেলেই ভালো। পুরো চুল রাঙালেও ইচ্ছে করলে করতে পারেন হাইলাইট। যাই-ই করুন না কেন, আত্মবিশ্বাসের সাথে করবেন। কারণ, সৌন্দর্য সচেতনদের ফ্যাশন ও মেকআপে হতে হবে দ্বিধাহীন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুলাই ২০২১ /এমএম





