প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বৃষ্টির দিনগুলোতে মেঘলা মনের খোরাক হয় গান আর না হয় বই। বর্ষার অবসরে তাইতো বইকে সঙ্গী করে নেন অনেকেই। কিন্তু এই ঋতুতে সমস্যায়ও পড়েন বইপ্রেমীরা। একে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তার উপর যখন তখন বৃষ্টি। অনেক বই থাকলে সেগুলো সামলে রাখাটাও কঠিন। হঠাৎ বৃষ্টির মৌসুমটাতে বই যাতে নষ্ট না হয়ে যায় সেদিকটায় খেয়াল রাখতে হবে। বর্ষায় বই ভালো রাখার উপায়গুলো জেনে নেওয়া যাক-
বর্ষা মানেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ড্যাম্পের সমস্যা। তাই বইকে এই সমস্যা থেকে রক্ষা করতে যখনই রোদ উঠবে তখনি রোদে দিন। অনেক বই থাকলে আলাদা আলাদা দিনে রোদে দিতে হবে। আর রোদে দিলে বইয়ে ঘুণ ধরার আশঙ্কাও থাকবে না।
বর্ষাকাল মানেই নানা রকম পোকামাকড়ের উৎপাত। পোকামাকড় থেকে বইকে ভালো রাখতে বইয়ের মধ্যে নিম পাতা কিংবা শুকনো লঙ্কা দিতে পারেন। নিম পাতা বা শুকনো লঙ্কা বইয়ে পোকা হওয়া থেকে বাঁচাবে।বইয়ে পানি লাগলো তো সর্বনাশ! তাই বৃষ্টির পনি যাতে বইয়ে না লাগে, সেটা খেয়াল রাখুন। বইয়ের জায়গা পরিষ্কার রাখতে ন্যাফথালিনের ব্যবহার করতে পারেন।
বই ভালো রাখতে বইয়ে আলো-বাতাস লাগা দরকার। তাই মাঝে মাঝে তাক থেকে বই নামিয়ে খোলা বাতাসে রাখুন। বইয়ের জায়গা বদলে দিন। কাচের বুক সেলফে মধ্যে বই রাখলে মাঝে মাঝে কাচের পাল্লা খুলে রাখুন। বই আলমারিতে রাখার আগে ভালো করে মলাট দিয়ে রাখতে পারেন। এতে দীর্ঘদিন বই ভালো থাকবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ জুন ২০২১ /এমএম





