Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বৎসর পূর্তিতে কানাডায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বিশেষ আয়োজন মুক্তিযোদ্ধাদের ভার্চুয়াল মিলন-মেলা ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ পর্ব-১ অনুষ্ঠিত হয়েছে শনিবার, মার্চ ২৭, কানাডার টরন্টোর স্থানীয় সময় সকাল ১১টায়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুভাষ দাশ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিনারা বেগম।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হুমায়ুন কবির চৌধুরী, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা মেজর দিদার আতোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেজর সুরঞ্জন দাশ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব, মুক্তিযোদ্ধা শাহেদ বখত ময়নু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুক মিয়া, মুক্তিযোদ্ধা আজিজুল মালিক ও মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক তাজুল মোহাম্মদ। তাছাড়াও উত্তর আমেরিকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা পর্বের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহ -সভাপতি হাসমত আরা চৌধুরী।আলোচনায় মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের সেই সব দিনগুলির স্মৃতিচারণ করে বলেন স্বাধীনতার লাল-সবুজ পতাকা কে বিশ্বের দরবারে আমরা এনেছিলাম, এজন্য আমরা গর্বিত।

তাঁরা এও বলেন স্বাধীনতার শত্রু মৌলবাদীদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে, আগাছা দূর করতে হবে, শিক্ষার আলো দিয়ে অন্ধকার দূর করতে হবে। পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে। সংবিধানের চারটি রাষ্ট্রীয় মূলনীতি পুনর্বহাল করে তারই ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উদীচী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম বলেন, দেশ এগিয়েছে, দেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হচ্ছে তাতে আমরা আনন্দিত কিন্তু আমাদের ৩০ লক্ষ শহীদ আর অগণিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে প্রাপ্ত স্বাধীন দেশে শোষণ, বঞ্চনা এবং অন্যায়ের অবসান হয়নি। স্বাধীনতা আমাদের মহান অর্জন। একে সমুন্নত রাখতে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

স্বাধীনতার ৫০ বছর ও সুবর্ণজয়ন্তীতে যারা আমাদের দেশ কে স্বাধীনতা এনে দিয়েছিল সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ দের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তিনি আরও বলেন উদীচী কানাডায় অবস্থানরত মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের মাঝে সেতুবন্ধন তৈরীর জন্য কাজ করছে যাতে করে তারা আমাদের দেশের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে এবং দেশের উন্নয়নে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারে।পরিশেষে সগঠনের সভাপতি সুভাষ দাশ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ মার্চ ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ