আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আরো একটি টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। কানাডায় উদ্ভাবিত এবং উৎপাদিত করোনার প্রথম টিকা গতকাল পরীক্ষামূলক ভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে । টরন্টোয় ৬০ জন স্বেচ্ছাসেবকের দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে।টরন্টো ভিত্তিক প্রভিডেন্স থেরাপিউটিকস বলেছে, তাদের এই টিকাটি অবিকল মডার্নার টিকার মতো, এমআরএনএ টিকা। এটি হচ্ছে এই টিকার প্রথম ধাপের পরীক্ষা।
এর আগে কুইবেক ভিত্তিক মেডিকাগোর টিকাটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে আছে।কার্যকর হলে প্রভিডেন্স তাদের টিকাটি ক্যালগেরিতে উৎপাদন করবে। তবে মেডিকাগোর টিকাটি উৎপাদিত হবে কানাডার বাইরে নর্থ ক্যারোলিনায়।কানাডা বর্তমানে ফাইজার এবং মডার্নার টিকা নাগরিকদের প্রয়োগ শুরু করেছে। মোট সাতটি কোম্পানির সাথে ইতিমধ্যে দেশটির টিকা কেনার আগাম চুক্তি আছে।
উল্লেখ্য কানাডায় বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও সরকার কঠোর ভাবে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কানাডায় সরকারের দিক নির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেওয়াও শুরু হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ২শত ২৭ জন, মৃত্যুবরণ করেছেন ১৯ হাজার ৫ শত ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৩ হাজার ৯শত ৫১ জন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ জানুয়ারি ২০২১ /এমএম





