আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডাস্থ বাংলাদেশের নব নিযুক্ত হাই কমিশনার ড. খলিলুর রহমান কানাডার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথভাবে ডিগ্রি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন। তিনি কানাডার বিভিন্ন প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন।
কানাডায় নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদকের সাথে এক সাক্ষাৎকারে বলেন, এই ক্ষেত্রে সম্ভাবনা অনেক। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অব্যাহত রেখেছি। তিনি বলেন আমি এ ব্যাপারে এখানকার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে যাচ্ছি এবং দেশের সাথে কাজ করে চলেছি।
তিনি বলেন- নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে করে কানাডায় বেশি করে আসার সুযোগ পায় এবং ডাবল ডিগ্রী ও যৌথ ডিগ্রির মাধ্যমে বাংলাদেশ ও কানাডার ইউনিভার্সিটি তে দুই বছর, বাংলাদেশের ইউনিভার্সিটিতে শিক্ষা শেষ করে আসার পর, শেষ দুই সেমিস্টার কানাডার ইউনিভার্সিটি তে শেষ করে- যেন তাঁরা কানাডার ওয়ার্ক পারমিট পায়, পার্মানেন্ট রেসিডেন্সি পায় এবং ফাইনালি তারা কানাডার সিটিজেনশিপ পায় এবং আলটিমেটলি আমাদের বাংলাদেশীদের সংখ্যা কানাডাতে বাড়ে সেই লক্ষ্যে কানাডার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথভাবে ডিগ্রি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন যখন এই ডাবল ডিগ্রি এবং যৌথ ডিগ্রির বিষয়ে সমঝোতা হবে তখন কানাডিয়ান স্ট্যান্ডার্ডে আমাদের ইউনিভার্সিটিগুলো প্রথম দুই তিন বছর বাংলাদেশে পড়াবে, এতে করে আমাদের শিক্ষায় ইউনিভার্সিটিতে শিক্ষার মান ও বাড়বে।
উল্লেখ্য কানাডায় বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও এমনকি ছুটির দিনেও অনলাইনের মাধ্যমে তিনি কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চলেছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ জানুয়ারি ২০২১ /এমএম





