আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টা প্রদেশের প্রথম বাংলা অনলাইন “প্রবাস বাংলা ভয়েস” এর আয়োজনে বাংলাদেশ সময় রোববার রাত দশটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে “কোন পথে বাংলাদেশ ?” নিয়ে এক ভার্চুয়াল আলোচনা।
স্বাধীনতা ছিল বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন, আর এ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সার্থক রূপকার স্থপতি ও অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালি জাতির রাজনৈতিক যে ইতিহাস তা বাঙালি জাতিসত্ত্বার অভ্যুদয়ের ইতিহাস।
মূলত এই ভূখণ্ডের মানুষ প্রথম স্বাধীনতার স্বাদ পায় ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন বিষয় তুলে ধরা হবে ভার্চুয়াল আলোচনায়। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
আলোচনায় অংশ নিবেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য, এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ সাহিদুউজ্জামান খোকন এমপি।
ভার্চুয়াল আলোচনায় এছাড়াও উপস্থিত থাকবেন কানাডার আলবার্টা প্রদেশের আওয়ামী লীগের সভাপতি ড.জাফর সেলিম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলী আবদুল্লা রফিক , সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কাদির এবং উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান দিপু।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ সেপ্টেম্বর ২০২০/এমএম





