Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: মানুষের জীবনে বন্ধুর গুরুত্ব অনেক। তাই বন্ধুত্ব কথাটি ছোট হলেও এর বিশালতা অনেক। সারা জীবনে মানুষ তাই চায় একটি ভালো বন্ধু। আর ভালো বন্ধু হওয়ার তালিকাতে আপনি বইকে রাখতে পারেন তালিকার সবার ওপরে।

একটি বই যেমন আপনাকে অনেক কিছু শেখায় তেমনি ভালো খারাপ সম্পর্কে জানায় আবার কখনও হাসি কান্নায় ভরিয়ে তুলে আপনার জীবন। বই পড়ে আপনি যেমন নানা জ্ঞান অর্জন করতে পারবেন তেমনি পুরো পৃথিবী সম্পর্কে জানতে পারবেন এ বই থেকেই।

তাই পছন্দের বইয়ের গুরুত্ব মানুষের জীবনে যেমন তেমনি বইয়েরও প্রয়োজন সঠিকভাবে যত্মআত্তির। প্রতিদিনের পড়ার বই কিংবা অবসরে পড়া বইয়ের যত্নের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। প্রতিদিনের পড়া বই আপনি যেমন আপনার পড়ার টেবিলে সাজিয়ে রাখতে পারেন তেমনি অবসরে পড়া গল্প কিংবা উপন্যাসের বইয়ের ক্ষেত্রে তা গুছিয়ে বুক শেলফ কিংবা বইয়ের আলমারিতে আলাদা করে রাখাই ভালো।

প্রতিদিনের পড়া বইয়ের যত্নের ক্ষেত্রে তা নিয়ম করে ঝেড়ে মুছে রাখা, টেবিল গুছিয়ে রাখা, পাশে পানির বোতল কিংবা ফুলদানি রেখে একদিকে যেমন পড়ার ভিন্ন এক আবহ তৈরি করতে পারেন তেমনি বইয়েরও যত্ন নিতে পারেন।

অনেকেই বই পড়ে পৃষ্ঠা ভাঁজ করে রেখে দেয় পরে পড়ার জন্য। এতে বইয়ের ক্ষতি হয়ে থাকে। তাই পৃষ্ঠা মনে রাখার ক্ষেত্রে বুক মার্কার ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে কার্ড, আলাদা রঙিন কাগজ, রঙিন ফিতা ইত্যাদি হাতের কাছে থাকা অল্প কিছু জিনিস দিয়েই তৈরি করে নিতে পারেন বুক মার্কার।

বই রাখার ক্ষেত্রে বুক শেলফ ব্যবহার করা সবচেয়ে ভালো। এতে আলাদা আলাদ তাকে বই রাখলে খুঁজে পেতে যেমন সুবিধা হয় তেমনি বইগুলোও থাকে বেশ পরিপাটিভাবে। অন্যদিকে এ বুক শেলফের ক্ষেত্রে আপনি কাচের, স্টিলের কিংবা কাঠের তৈরি বুক শেলফ নির্বাচিত করতে পারেন। এ ছাড়া এ বুক শেলফ আপনি তালা দিয়েও রাখতে পারেন যাতে বাসায় শিশুরা বই নষ্ট করে ফেলতে না পারে।

বইয়েরও আছে নানা ধরনের শত্রু। কখনও পোকামাকড়ের আক্রমণ আবার ইঁদুরের উৎপাত বইয়ের নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা দায়ী হয়ে থাকে। তাই বইয়ের সুরক্ষার ক্ষেত্রে বইয়ের পাতার মাঝে মাঝে নিমপাতা যেমন রাখতে পারেন তেমনি কর্পূর রাখতে পারেন বুক শেলফে। অন্যদিকে অনেকদিনের পুরনো কিংবা সচরাচর পড়া হয় না এ ধরনের বই মাসে দু-একবার রোদে দিতে পারেন। ঘণ্টা দুই তিন রেখে এর পর বই তাকে তুলে রাখলে বই যেমন ভালো থাকে তেমনি পড়ার সময়ও বইয়ের পাতা একটির সঙ্গে অন্যটি আটকে থাকে না।

এ ছাড়া যারা পড়ার টেবিলে বই রাখেন তারা বই রাখার জায়গা থেকে আলাদাভাবে খাবার দাবার কিংবা অন্যান্য জিনিস রাখার আলাদা জায়গা তৈরি করে নিতে পারেন। এতে করে পড়ার টেবিল থেকে পোকামাকড়ের দেখা পাওয়া বন্ধ হবে। আর আপনার পছন্দের বইগুলোও থাকবে সুরক্ষিত।

বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। যেই বন্ধু আপনাকে সারা জীবন তার সবটুকু দিয়ে জ্ঞানের দুনিয়াতে পরিপূর্ণ করে তুলবে। তাই বইয়েরও চাই সঠিক যত্মআত্তি। যাতে সারা জীবন আপনি আপনার বন্ধু বইটিকে পাশে পান একই রকমভাবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ জুলাই ২০২০ /এমএম


Array