Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে দুটি বিমানঘাঁটিতে সন্দেহজনক ড্রোনের উপস্থিতির ঘটনায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লাকেনহিথ ও ফেল্টওয়েল ঘাঁটির আশপাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ইংল্যান্ডের সাফোকের আরএএফ লাকেনহিথ এবং প্রতিবেশী নরফোকের আরএএফ ফেল্টওয়েল এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এ শব্দকে যুদ্ধকালীন সতর্কসংকেতের সঙ্গে তুলনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাউডস্পিকারে আমেরিকান উচ্চারণে দেওয়া এক ঘোষণায় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং নিরাপদ আশ্রয় নিতে বলা হয়। ডেইলি মেইলের প্রকাশিত ভিডিওতে অন্ধকারাচ্ছন্ন আবাসিক এলাকার বিভিন্ন স্থানে সাইরেন বাজতে দেখা যায়।

প্রতিবেদন অনুযায়ী, লাকেনহিথ ঘাঁটিতে সতর্কসংকেত জারির কারণ ছিল ‘অননুমোদিত ড্রোনের সন্দেহজনক উপস্থিতি’ বলে নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী। তবে এ ঘটনায় কোনো সামরিক সদস্য, বিমান বা ঘাঁটির অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। সন্দেহজনক ড্রোনগুলোর উৎস ও পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ নভেম্বর ২০২৬/এএ


Array