Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২ নবেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাব দেন।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, তিনি বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছেন, যিনি এর আগে বারবার ইউক্রেনকে রুশ শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের ওপর রাশিয়ান হামলার প্রতিক্রিয়া হিসেবেই তাদের এই শোধনাগার হামলাগুলো পরিচালিত হচ্ছে বলে দাবি করেন জেলেনস্কি। এএফপির বরাত দিয়ে তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি যে রাশিয়া যখন আমাদের জ্বালানি সরবরাহ আক্রমণ করে, আমাদের জনগণকে হত্যা করে এবং আমাদের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, শোধনাগার এবং অন্য সবকিছুতে আক্রমণ করে, তখন আমাদের প্রতিক্রিয়া জানাতে হয়।’

রাশিয়ায় হামলা বন্ধ করার শর্ত তুলে ধরে জেলেনস্কি বলেন, ‘আমরা বলেছি যে আপনারা যদি চান আমরা রাশিয়ার শোধনাগারগুলোতে আক্রমণ না করি, তবে রাশিয়াকে অবশ্যই আমাদের জ্বালানি সুবিধাগুলোতে আক্রমণ বন্ধ করতে হবে। আরেকটি বিকল্প হলো আমাদের প্যাট্রিয়ট মিসাইল দিন। আমরা অর্থ খুঁজে নেব।’

এর আগে ওয়াশিংটন ইউক্রেনের জন্য একটি বড় অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। রুশ হামলা থেকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ইউক্রেনের দীর্ঘদিনের চাওয়া ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর দেয়। তবে অনুমোদিত এই ক্ষেপণাস্ত্রগুলো পেতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে সতর্ক করেন জেলেনস্কি।

রুশ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা কমানো হবে কি না তা বিবেচনা করার সময় ইউক্রেন যে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ক্ষমতা অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, এই মন্তব্য তারই বহিঃপ্রকাশ। ট্রাম্প বারবার কিয়েভকে ওই হামলাগুলো বন্ধ করার জন্য চাপ দিয়ে আসলেও জেলেনস্কি মনে করিয়ে দিয়েছেন যে রাশিয়াকেও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। সূত্র: দ্য কোপেনহেগেন পোস্ট

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০২ নভেম্বর ২০২৬/এএ


Array