Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: উপসাগরীয় দেশগুলোর মধ্যে রেল যোগাযোগ চালু হলে ওমরাহযাত্রীদের সৌদি আরবে যাতায়াতে যুক্ত হবে নতুন মাত্রা। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্য দেশকে সংযুক্ত করে আঞ্চলিক রেল নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বাসিন্দারা আন্তর্জাতিক ফ্লাইট কিংবা দীর্ঘ সড়কপথের বিকল্প হিসেবে রেলপথে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। এতে ওমরাহ পালনে আগ্রহীদের যাত্রা আরো সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হতে পারে। প্রস্তাবিত এই রেল নেটওয়ার্ক উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলকে সংযুক্ত করবে। এর মাধ্যমে যাত্রীরা নিজ নিজ দেশ থেকে রেলপথে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

পরিকল্পনা অনুযায়ী, রেলপথটি যাত্রীদের পূর্ব সৌদি আরবের দাম্মাম অঞ্চলসহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে পৌঁছে দেবে। সেখান থেকে তাঁরা অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থা ব্যবহার করে পবিত্র মক্কা ও মদিনায় যেতে পারবেন। এ ক্ষেত্রে ওমরাহযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে সৌদি আরবের হারামাইন হাইস্পিড রেলওয়ে। বর্তমানে এই রেলপথ জেদ্দা, মক্কা ও মদিনাকে সংযুক্ত করেছে।

ফলে পূর্বাঞ্চলে পৌঁছানোর পর যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইট, বাস কিংবা অন্যান্য পরিবহনের মাধ্যমে পবিত্র শহরগুলোতে যাওয়ার সুযোগ পাবেন।
জিসিসি রেল নেটওয়ার্ক সরাসরি মক্কা ও মদিনায় পৌঁছাবে না। তবে উপসাগরীয় দেশগুলোর বাসিন্দাদের জন্য সৌদি আরবে প্রবেশের একটি নতুন ও সুবিধাজনক পথ তৈরি করবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানে বসবাসকারী ওমরাহযাত্রীদের জন্য এটি ভ্রমণের ক্ষেত্রে বাড়তি বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ রেল নেটওয়ার্কটির প্রায় ৫৬ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী বেশির ভাগ রেলপথে যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

নতুন এই রেল যোগাযোগের ফলে ওমরাহযাত্রীদের ভ্রমণব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। বর্তমানে অনেক যাত্রী বিমানে জেদ্দা বা মদিনায় পৌঁছান। ভবিষ্যতে তাঁরা নিজ দেশ থেকে ট্রেনে সৌদি আরবের পূর্বাঞ্চলে এসে সেখান থেকে অভ্যন্তরীণ পরিবহনে পবিত্র শহরগুলোতে যাওয়ার সুযোগ পাবেন। তবে নতুন রেল যোগাযোগ চালু হলেই ওমরাহ প্যাকেজের সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে, এমন সম্ভাবনা আপাতত কম। কারণ আবাসন, ভিসা এবং মৌসুমভেদে যাত্রীদের চাহিদা উমরাহ ভ্রমণের ব্যয়ের প্রধান নির্ধারক হিসেবে থাকবে। তবে ব্যস্ত মৌসুমের বাইরে ভ্রমণকারীদের জন্য রেলপথ তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে জিসিসি রেল নেটওয়ার্ক উপসাগরীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে। প্রকল্পটি নির্ধারিত সময়ে সম্পন্ন হলে উপসাগরীয় দেশগুলোর লাখো মুসল্লির জন্য সৌদি আরবে ওমরাহ পালনের যাত্রা আরো সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও বহুমাত্রিক হয়ে উঠবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ নভেম্বর ২০২৬/এএ


Array