প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আবারও আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত তিন মাসের মধ্যে চতুর্থবার এই অগ্ন্যুৎপাত ঘটনা ঘটল। ইতিমধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) বলেছে, ‘স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৩০ মিনিটে রাজধানী রেইকজাভিকের দক্ষিণে রিকজেনেস উপদ্বীপের গ্রিন্ডাভিকের উত্তরে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।’
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রকাশিত অগ্ন্যুৎপাতের লাইভ-স্ট্রিম করা ফুটেজে দেখা গেছে, একটি দীর্ঘ ফাটল থেকে গলিত পাথরের লাভার ফোয়ারা উঠেছে এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছিল। কয়েক সপ্তাহ আগে আইসল্যান্ড কর্তৃপক্ষ অগ্নুৎপাতের আশঙ্কা করে সতর্কতা জারি করে। আগ্নেয়গিরির কাছে গ্রিদাভিক ফিশিং টাউন থেকে এর আগেই প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। বাকিদের সরিয়ে নিতে উদ্ধারকর্মীরা কাজ করছেন।
প্রসঙ্গত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আইসল্যান্ডে অস্বাভাবিক ঘটনা নয়। সেখানে ৩৩টি সক্রিয় আগ্নেয়েগিরি রয়েছে, যা ইউরোপে সর্বোচ্চ সংখ্যা। কিন্তু রিকজেনেস উপদ্বীপে ২০২১ সাল পর্যন্ত আট শতাব্দী ধরে কোন অগ্ন্যুৎপাত হয়নি। তারপর থেকে তিনটি অগ্ন্যুৎপাত ঘটেছে এবং সবই প্রত্যন্ত জনবসতিহীন এলাকায়। আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা বলছেন, এটি এই অঞ্চলে আগ্নেয়গিরি কার্যকলাপের একটি নতুন যুগের সূচনা হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ মার্চ ২০২৪ /এমএম





