Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে। এতে উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহন ও বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।

শিপিং গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, শনিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ১৩টি জাহাজ পার হয়েছে। রোববার এই সংখ্যা আরও কমে দাঁড়ায় চারটিতে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক জাহাজ এই জলপথ ব্যবহার করত, সেখানে বর্তমান পরিস্থিতিতে চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য বলছে, ২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ৮৯টি জাহাজ বের হয়েছে এবং ১০৩টি জাহাজ প্রবেশ করেছে।

এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইরাক। দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসরা বন্দর থেকে তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জুলাইয়ে ইরাকের তেল রপ্তানি দৈনিক গড়ে প্রায় ১৪ লাখ ব্যারেলে উঠলেও, যুদ্ধের আগে বাসরা থেকে দৈনিক ৩৩ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি হতো।

হরমুজের ওপর নির্ভরতা কমাতে বিকল্প রপ্তানি পথ খুঁজছে বাগদাদ। তুরস্ক, সিরিয়া ও জর্ডানের মাধ্যমে তেল রপ্তানির পরিকল্পনা করছে ইরাক। সিরিয়ার বানিয়াস বন্দরের সঙ্গে সংযোগ স্থাপনে একটি নতুন পাইপলাইন নির্মাণের প্রস্তাবও রয়েছে। তবে এটি নির্মাণে প্রায় চার বছর সময় এবং অন্তত ১৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। সূত্র: শাফাক নিউজ

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ আগস্ট ২০২৬/এএ


Array