প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া। সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) এ তথ্য নিশ্চিত করেছে। তবে ব্রুনাই ও ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা যায়নি। খবর গালফ নিউজের।
আইএসি বলছে, রবিবার মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। অনেক দেশ জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহা উদযাপনের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্ক এবং আফ্রিকার বেশিরভাগ দেশ।
চাঁদ দেখা সাপেক্ষে ইসলামিক ক্যালেন্ডারে ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০তম দিনে পড়ে। আর পবিত্র আরাফাত দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান।
সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ওমানের একদিন পর বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে ঈদ উদযাপন করা হয়।
প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ১৮ জুন ২০২৩ /এমএম





