প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রচণ্ড শীতের মাঝেও ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশন সুইজারল্যান্ড শাখা জেনেভায় বসবাসরত নারীদের উদ্যোগে শিশু-কিশোরদের সমন্বয়ে ঋতুরাজ বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।রবিবার দিন ব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণিল আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় বাংলা ঋতুরাজ ‘বসন্ত ১৪২৮’।
ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত সভাপতি শশী খাঁনের বাস ভবন হলে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করেন স্থানীয় প্রবাসীরা। করোনা সংক্রমণ রুখতে সুইজারল্যান্ড সরকারের স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী বিধি-নিষেধ মানতে সীমিত পরিমাণ লোক সমাগম করানো হয়।
অনুষ্ঠানের যৌথ সঞ্চালক শশী খান এবং পৌলোমী দত্ত বাংলা ঋতুরাজ বসন্ত ১৪২৮ সবার জন্য সুখ-শান্তি ও সফলতা বয়ে আনার আশা ব্যক্ত করেন এবং আয়োজক ও উপস্থিত সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।
ঋতু বরণ অনুষ্ঠানের শুরুতেই নানা রঙে বিভিন্ন রকমের দেশীয় সাজসজ্জায় শিশু-কিশোরসহ সকলের উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়, সে যেন সুইজারল্যান্ডের বুকে এক টুকরো বাংলাদেশ। বাংলার ঐতিহ্যবাহী রকমারি দেশীয় পিঠা ও খাওয়া-দাওয়ার আয়োজন ছিল চোখে পরার মত। নারীরা শাড়ি ও শিশু-কিশোরদের গায়ে শোভা পাচ্ছিলো বাহারি রঙের দেশীয় পোশাক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃতিতে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন- রিমি হোসাইন, পুর্ণিমা খান, মিলি হোসাইন, নাহার নাজমুন, জলি চৌধুরী, সেগুপ্তা মোহাম্মদ, বেলি বড়ুয়া, লতা আল আমীন, লাবনী, আকিব সনিসহ আরও অনেকে।
শিশু ও কিশোর শিল্পী নয়োমী, সুপ্ত, মাদিহা, নিধি, রেইন, সোহালী, সুনায়না, রামিশা, নাইরা, রাহা, আহিয়া, উৎসসহ আরও অনেক শিশু। উপস্থিত প্রায় সকলেই বিভিন্ন খেলা-ধুলা প্রতিযোগিতায় গ্রহণ করে পুরস্কৃত হন।উপস্থিত সকলের সফলতা কামনা ও অভিনন্দন জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত উৎসবের সমাপ্তি ঘোষণা করেন শশী খান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





