Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রায় ৩০ হাজার বাংলাদেশির সিংহভাগই ই-৯ ভিসাধারী। এবার দক্ষিণ কোরিয়ায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য ভাষাগত যোগ্যতার শর্ত ছাড়াই দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত এই বিজ্ঞপ্তির প্রতি প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে সিউলের বাংলাদেশ দূতাবাস।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা না দিয়েই ই-৭-৪ ভিসার আবেদন করা যাবে। সে ক্ষেত্রে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে। তবে পরবর্তীতে ভিসা নবায়নের আগে ভাষার সনদ জমা দিতে হবে। পরিবারকে কোরিয়ায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতেও লাগবে ভাষার যোগ্যতা।

‎এই আবেদনের প্রধান শর্ত হলো, বিগত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছর কাজ করার অভিজ্ঞতা (রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর)। এ ছাড়া বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর ধরে কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনে ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।

‎অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দেয়। সাধারণ নিয়মে এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট লাগে। ভিসাসংক্রান্ত বিস্তারিত জানতে প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) বা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৩ আগস্ট ২০২৬/এএ


Array