Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, অকুতোভয় মুক্তিযোদ্ধাদের অর্জন, ৩০ লাখ শহীদ ও দুই লাখ নারীর আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বে অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।’

সোমবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় কূটনৈতিক কোর ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ‘Bangladesh@50: Emerging Bangladesh Economy: Reflections on the Spain-Bangladesh Relations’ শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।স্পেনের মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এই কনফারেন্সের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার করোনা মোকাবিলা করে অর্থনীতির চাকাকে সচল রেখেছে।’ বাংলাদেশ-স্পেনের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, দু’ দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দু’ দেশের মধ্যে নিয়মিত ফরেন অফিস কনসাল্টেশন, দ্বৈতকর পরিহার, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে যাবে।’ তিনি বিদ্যমান সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিতে দু’ দেশের মধ্যে উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফরের ওপর গুরুত্ব আরোপ করেন।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মুতাসিমুল ইসলাম উপস্থাপনায় ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লে: কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, স্পেন প্রবাসী বাংলাদেশি লেখক ও কলামিস্ট চাকলাদার মাহবুব উল আলম, স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি নুরিয়া লোপেজ, স্পেনের সান্তিয়াগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সান্তিয়াগো ফেরনান্দেজ মসকেরা, বাংলাদেশে নিযুক্ত স্পেনের প্রথম রাষ্ট্রদূত আরতুরো পেরেজ মার্টিনেজ প্রমুখ।

অনলাইন প্লাটফরমে যুক্ত হয়ে লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক বলেন, ‘‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ বাস্তবায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে।’’

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন মাহবুব উল আলম। একইসঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।নুরিয়া লোপেজ বলেন, ‘বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোষাক রপ্তানিকারক হলেও অন্যান্য শিল্প কারখানাও দ্রুতবেগে সম্প্রসারিত হচ্ছে।’ তিনি বাংলাদেশের দক্ষ জনশক্তি, সরকারি প্রণোদনা, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশের ভূয়সী প্রশংসা করে বিদেশিদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।

প্রফেসর সান্তিয়াগো ফেরনান্দেজ মসকেরা বলেন, ‘বাংলাদেশের জন্মই হয়েছে বাংলা ভাষার গৌরবোজ্জ্বল ঐতিহ্যের মধ্যে দিয়ে। স্প্যানিশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ভাষা যার গুরুত্ব বৈশিক সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বাংলাদেশিদের স্প্যানিশ ভাষা শিক্ষার আহ্বান জানান।

রাষ্ট্রদূত আরতুরো পেরেজ মার্টিনেজ বলেন, বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে।’ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, ক্রীড়া, ভাষা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ সেপ্টেম্বর  ২০২১ /এমএম

 


Array