Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের রেকর্ডের পর দেশজুড়ে ১০ দিনের লকডাউন জারি করেছে শ্রীলঙ্কার সরকার। শুক্রবার রাত ১০ টা থেকে এ লকডাউন কার্যকর বলে এক টুইটে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা।

গত বৃহস্পতিবার দেশটিতে এক দিনে রেকর্ড ৩ হাজার ৭৯৩ জন শনাক্ত হন ও মারা যান ১৮৭ জন, যা নতুন রেকর্ড। এরপরই লকডাউন জারির সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কার সরকার।৩ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কায় গত এক মাস ধরেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, জিম, সুইমিং পুল, বিবাহ অনুষ্ঠান ও সঙ্গীত কনসার্ট বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। গত সোমবার থেকে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা টুইটবার্তায় বলেন, ‘আজ (২০ আগস্ট) রাত ১০ টা থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সবক্ষেত্রে লকডাউন কার্যকর হবে।’

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারত মহাসাগরের তীরবর্তী এই দ্বীপরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৭২ হাজার ৭৯ জন এবং মারা গেছেন মোট ৬ হাজার ৬০৬ জন।দেশের মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ ইতোমধ্যে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, যার অধিকাংশই নিয়েছেন চীনের সিনোফার্মের ভ্যাকসিন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ আগস্ট ২০২১ /এমএম


Array