প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতের আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরান সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ করেন তিনি।
এসময় গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ও বাংলাদেশ হাইকমিশন নয়া দিল্লির প্রথম সচিব উপস্থিত ছিলেন।আলোচনায় হাইকমিশনার দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত করে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের পথে অনেকদূর অগ্রসর হয়েছে এবং অর্থনৈতিকভাবে অনেক সুদৃঢ় অবস্থানে রয়েছে।’
বাংলাদেশের বর্তমান উন্নয়ন চিত্র সম্পর্কে আসামের জনগণকে পরিচিত করাতে এবং দু’দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের এবং ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে এ দুই অঞ্চলের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের প্রতি হাইকমিশনার জোর দেন।
এসময় মুখ্যমন্ত্রী সোনোয়াল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বাণিজ্য জটিলতা নিরসনে দু’দেশের বাণিজ্য প্রতিনিধি ও আমদানি রপ্তানির সাথে সরাসরি জড়িতদের মধ্যে নিয়মিত বৈঠক ও যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।হাইকমিশনার মোহাম্মদ ইমরান দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনের লক্ষ্যে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে সফর করছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ফেব্রুয়ারি ২০২১ /এমএম





