প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনার কারণে দেশে এসে আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব সরকার।আজ বুধবার এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সুসংবাদ। সৌদি সরকার আমাদের প্রবাসী কর্মীদের জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।তিনি জানান, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেদেশের সরকারের এ সিদ্ধান্তের কথা তাকে অবহিত করেছেন।
বাংলাদেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। সৌদি আরবে ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। দিন দিন বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে।
টিকেট সংকট কাটাতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়।প্রবাসীরা বলছিলেন, যেসব এজেন্সির মাধ্যমে তারা সৌদি গিয়েছিলেন, সেখানে ভিসার মেয়াদ বাড়াতে গেলে তাদের দূতাবাসে যেতে বলা হচ্ছিল। কিন্তু দূতাবাসে গেলে বন্ধ পাওয়া যাচ্ছিল।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ অক্টোবর ২০২০/এমএম





