প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার দেশটির বাণিজ্যিক শহর মিলানের লাম্পুনিয়ানো খেলার মাঠে ক্রিকেটের এ আসর অনুষ্ঠিত হয়।
মহামারী করোনার কারণে দেশটির আইনানুযায়ী প্রায় সাত মাস খোলামাঠে সকল খেলাধুলা বন্ধ থাকার পর ধীরেধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারো ক্রিকেট আনন্দে মেতে ওঠে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। এরই ধারাবাহিকতায় রবিবার মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। এতে সর্বমোট সাতটি দল অংশ নেয়।
খেলায় প্রতিদলে মোট সাতজন করে খেলোয়াড় ছিল এবং প্রতিদল ছয় ওভার করে খেলার সুযোগ পেয়েছিল। এতে সব দলকে হারিয়ে ফাইনাল ম্যাচে খেলার সুযোগ পায় ‘ভিয়া পাদোভা অল স্টার টিম’ ও ‘সিলেট স্পোর্টিং ক্লাব’। এসময় ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ‘সিলেট স্পোর্টিং ক্লাব’। এতে ছয় ওভারে ৫৪ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে দলটি। পরে ৫৫ রানের টার্গেট নিয়ে মাঠে নামে মাদারীপুরের দল ‘ভিয়া পাদোভা অল স্টার টিম’। ব্যাটিং’র দারুণ নৈপুণ্যে এক ওভার হাতে রেখেই জয় লাভ করে ‘ভিয়া পাদোভা অল স্টার টিম’।
এসময় জয়ী দলের খেলোয়াড় মহিউদ্দিন মিরাজ তাপস ইত্তেফাক’কে বলেন, বিদেশের মাটিতে স্বদেশীয় খেলার স্বাদ আমরা পাইনা। কাজের কারণে সবাইকে ব্যস্ত থাকতে হয়। তবে করোনার কারণে বর্তমানে সবাই মোটামুটি একটু অবসর থাকায় আমরা সবাই খেলায় অংশ নিতে পারি এবং আমাদের দল মাদারীপুরের ‘ভিয়া পাদোভা অল স্টার টিম’ চ্যাম্পিয়ন হয়। ভিনদেশে থেকেও এরকম স্বতঃস্ফূর্তভাবে ক্রিকেট খেলতে পেরে আমরা অনেক খুশি হয়েছি। এজন্য অবশ্যই আয়োজকরা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এছাড়াও আয়োজক দলের সদস্য শফিক হাওলাদার বেলাল বলেন, আমরা বিদেশে থাকলেও দেশের খেলার প্রতি আমাদের ভালোবাসা একটুও কমেনি। তাই প্রতিবছর আমরা এধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকি। এবছর করোনার কারণে খুব বড় পরিসরে আয়োজন করতে না পারলেও খেলোয়াড়দের অংশগ্রহণ ও আমেজ ছিল আগের মতই। ক্রিকেটের এবারের আসর দিনব্যাপী অনুষ্ঠিত হওয়ায় মাঠে বাংলাদেশ, ভারত, শ্রিলাংকা ও ইতালিয়ানসহ অনেক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ সেপ্টেম্বর ২০২০/এমএম





