প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কৃষ্ণসাগর উপকূলে প্রাকৃতিক গ্যাসের বড় উৎস খুঁজে পেয়েছে তুরস্ক। এতে বাণিজ্যিকভাবে যখন গ্যাস উত্তোলন করা হবে, তখন তুরস্ককে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে এ আবিষ্কার সহায়তা করবে।বুধবার জ্বালানি কোম্পানির নির্বাহীদের সঙ্গে একটি বৈঠকে এ সম্পর্কিত একটি আভাস দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আর শুক্রবার তিনি বলেন, খোদাই জাহাজ ফাতিহ কৃষ্ণসাগরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। প্রাথমিক হিসাবে এই গ্যাসের পরিমাণ ৩২০ বিলিয়ন ঘনমিটার হবে।বিবিসি ও টিআরটির খবরে এমন তথ্য জানা গেছে।এরদোগান বলেন, এই গ্যাস উত্তোলন ২০২৩ সাল নাগাদ শুরু হবে। তুরস্ক এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসভাণ্ডার খুঁজে পেয়েছে।
ড্রিলিং জাহাজ ফাতিহ কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে তুরস্কের উপকূলের প্রায় ১০০ নটিক্যাল মাইল উত্তরে ‘টুনা-ওয়ান’ এলাকায় অনুসন্ধান চালিয়ে একটি কূপ থেকে এই গ্যাস পেয়েছে।এ ভাণ্ডার থেকে ২০ বছরের জন্য তুরস্কের গ্যাসের চাহিদা পূরণ হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট দ্রুতই এ গ্যাস উত্তোলন এবং ব্যবহারের আশা প্রকাশ করলেও জ্বলানি বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এ কাজে এক দশক লেগে যেতে পারে এবং গ্যাসের বাণিজ্যিক ব্যবহারের জন্য বিনিয়োগে শত শত কোটি ডলার ব্যয় হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ আগস্ট ২০২০/এমএম





