Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে আবুধাবীতে আটকে পড়া ১৪০ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।মঙ্গলবার (৩০ জুন) আবুধাবী থেকে স্থানীয় সময় ভোর ৫টায় যাত্রীদের নিয়ে উড্ডয়ন করে সকাল ১১টা ৪২ মিনিটে ঢাকায় অবতরণ করে।আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলো বহু সংখ্যক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারনে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলো না, এমতাবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবী থেকে মঙ্গলবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতোমধ্যে ইউএস-বাংলা কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, দুবাইতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনতো বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ জুন ২০২০ /এমএম


Array