বাংলানিউজসিএ ডেস্ক :: ইতালিতে গোলাম রাব্বি (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দেশটির বাণিজ্যিক রাজধানী মিলানের সেন্ট্রাল রেলস্টেশনের একটি বাঙ্গালী মালিকানাধীন বাসায় এ ঘটনা ঘটে।জানা যায়, নিহত রাব্বিকে বাসার সিঁড়িতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক মরক্কোর নাগরিক পুলিশের হেল্প লাইনে ফোন দিয়ে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রাব্বিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় পুলিশ নিহতের বাসার সকলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেন, ঘটনাটি সম্পর্কে আমি কনস্যুলেট অফিস থেকে জানতে পেরেছি। মিলান কনস্যুলেট অফিস থেকে নিহতের পরিচিতদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন এ বিষয়ে এখনো আমাদের অফিশিয়ালি কিছু জানায়নি।নিহত রাব্বির দেশের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখারা গ্রামে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ মে ২০২০/এমএম





