Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিদেশি পর্যটকদের ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করার সুযোগ দিচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। নতুন এই সেবার মাধ্যমে পর্যটকেরা স্থানীয় কোনো ব্যাংক হিসাব না খুলেই নিজেদের ডিজিটাল সম্পদ থাই বাথে রূপান্ত করতে পারবেন। এরপর সেই অর্থ দিয়ে দোকান, হোটেল ও রেস্তোরাঁর বিল পরিশোধ করা যাবে।

শুক্রবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ব্যবসা, অর্থনীতি এবং শেয়ারবাজার বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ওইদিন বিদেশি পর্যটকদের জন্য তৈরি ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট অ্যাপ ‘ওরপ্ট’ চালুর ঘোষণা দেয় থাইল্যান্ডের ফিনটেক প্রতিষ্ঠান উইপে ও ওয়ান এক্সচেঞ্জ। পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর ব্যবহারকারীরা তাদের বাইরের কোনো ডিজিটাল সম্পদের ওয়ালেট অ্যাপটির সঙ্গে যুক্ত করতে পারবেন।

এরপর ওয়ালেটে থাকা ক্রিপ্টোকারেন্সি থাই বাথে রূপান্তর করে অ্যাপের ব্যালান্সে জমা রাখা যাবে। পরে থাইল্যান্ডজুড়ে বহুল ব্যবহৃত ‘প্রম্পটপে’ কিউআর কোড স্ক্যান করে সেবাটিতে যুক্ত ব্যবসাপ্রতিষ্ঠানে বিল পরিশোধ করতে পারবেন পর্যটকেরা।

থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তত্ত্বাবধানে পরিচালিত নিয়ন্ত্রক পরীক্ষামূলক কর্মসূচি ‘ট্যুরিস্টডিজিপে’র আওতায় কাজ করবে ওরপ্ট। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ইউএসডিটি ও ইউএসডিসির মতো স্টেবলকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি থাই বাথে রূপান্তর করতে পারবেন। সেবাটির উন্নয়নে সহায়তা করছে ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান টেথার।

এই পেমেন্ট ব্যবস্থায় ব্যবসায়ীরা সরাসরি ক্রিপ্টোকারেন্সি গ্রহণ বা লেনদেন করবেন না। তৃতীয় পক্ষের মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে ও ব্যবসায়ীরা থাই বাথেই অর্থ পাবেন। ফলে ক্রিপ্টোকারেন্সি নিজেদের হেফাজতে রাখা বা এর বিনিময় হারের ওঠানামার ঝুঁকি নিতে হবে না তাদের।

প্রাথমিকভাবে ক্রিপ্টোকারেন্সি থেকে থাই বাথে অর্থ রূপান্তরের জন্য প্রায় ১ দশমিক ৫ শতাংশ ফি নির্ধারণ করা হয়েছে। প্রথম বছরে দুই লাখ ব্যবহারকারী আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে উইপে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, ১৮ মাসের পরীক্ষামূলক সময়ে ওরপ্টের মাধ্যমে ১৫ বিলিয়ন বাথ বা প্রায় ৪৪৩ দশমিক ৩ মিলিয়ন ডলারের লেনদেন হবে।

পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া, জাপান ও মধ্যপ্রাচ্যেও একই ধরনের সেবা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। মূলত ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনে অভ্যস্ত আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে চায় তারা। কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের পাশাপাশি ভিসা প্রিপেইড কার্ড চালুর প্রস্তুতিও নিচ্ছে ওরপ্ট।

টানা দুই বছর ধরে থাইল্যান্ডে বিদেশি পর্যটকের সংখ্যা কমছে। একই সঙ্গে পর্যটন খাত থেকে দেশটির আয়ও কমেছে। এমন পরিস্থিতিতে আরও বেশি আন্তর্জাতিক পর্যটক আকৃষ্ট করা এবং পর্যটন খাত থেকে আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে চালু হলো ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্টের এই সেবা।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ নভেম্বর ২০২৬/এএ


Array