Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের বোস্টনগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স বিমান শনিবার (৩ অক্টোবর) ভোরে ৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। আটলান্টিক মহাসাগরের ন্যানটাকেট দ্বীপের উপকূলে নিখোঁজ বিমানটি এবং এর আরোহীদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে মার্কিন বিমান বাহিনী ও কোস্ট গার্ড।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় রাত ১টার পরপরই (০৬:০০ জিএমটি) ‘গলফস্ট্রিম জি-১০০’ মডেলের বিমানটির সঙ্গে আকাশপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তাৎক্ষণিকভাবে সেখানে অনুসন্ধান ও উদ্ধার সতর্কবার্তা জারি করা হয়।

ইউএস কোস্ট গার্ডের উত্তর-পূর্ব ডিস্ট্রিক্ট জানিয়েছে, মেসেচুসেটসের ন্যানটাকেট উপকূলীয় এলাকায় আকাশ ও জলপথে একযোগে সমন্বিত অনুসন্ধান চালানো হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বিমানটি বারমুডার এল.এফ. ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১:৪০ মিনিটে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাত ১:৩০ মিনিটে বিমানটির বোস্টনে অবতরণ করার কথা ছিল।

কোস্ট গার্ডের প্রকাশিত টেল নম্বর অনুযায়ী, নিখোঁজ বিমানটি ‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স’-এর মালিকানাধীন। প্রতিষ্ঠানটি অসুস্থ বা আহত রোগীদের আন্তর্জাতিক স্থানান্তরের সেবা দিয়ে থাকে।

কোম্পানিটির ফ্লাইট অপারেশন্স ডিরেক্টর ক্লারেন্স টোগেরেট জানান, বিমানটিতে দুইজন পাইলট এবং দুইজন চিকিৎসা কর্মী ছিলেন যারা চারজনই কানাডার নাগরিক। তারা বারমুডা থেকে একজন রোগী ও তার এক আত্মীয়কে নিয়ে বোস্টন যাচ্ছিলেন।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাডার থেকে গায়েব হওয়ার ঠিক আগে বিমানটির উচ্চতা দ্রুত কমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে এটি ২৪,০০০ ফুট (৭,৩০০ মিটার) উচ্চতা থেকে একধাক্কায় ১১,০০০ ফুটে (৩,৩০০ মিটার) নেমে আসে।

এদিকে লাইভ-এটিসি ডটনেটের অডিও বার্তা বিশ্লেষণ করে বোস্টন গ্লোব জানিয়েছে, নিখোঁজ হওয়ার ঠিক পূর্বে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এবং পাইলটের মধ্যে যোগাযোগের মারাত্মক সমস্যা দেখা দিয়েছিল।

এটিসির পক্ষ থেকে পাইলটকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন না? আপনি কি জরুরি পরিস্থিতি ঘোষণা করছেন?

জবাবে পাইলট কী বলেছিলেন তা স্পষ্ট শোনা যায়নি। পরবর্তীতে এটিসির কন্ট্রোলার নিশ্চিত করেন যে পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিলেন।

ফায়ার ডেসপ্যাচ সূত্রে জানা যায়, রাত ১টার পরপরই জরুরি উদ্ধারকারী দলকে একটি বিমানে ‘বৈদ্যুতিক বিভ্রাট’ ঘটার খবর দিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। তবে এর কিছুক্ষণ পরই বিমানটি রেডিও যোগাযোগ এবং রাডার উভয় থেকেই পুরোপুরি অদৃশ্য হয়ে যায়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৪ অক্টোবর ২০২৬/এএ


Array