প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রয়েছে-এমন একটি নতুন অস্ত্র সফলভাবে পরীক্ষা করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে অস্ত্রটির ধরন, পাল্লা বা আঘাত হানার পদ্ধতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি এক সাক্ষাৎকারে ইরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতা ও নতুন অস্ত্র পরীক্ষার বিষয়ে এসব দাবি করেন। তিনি বলেন, নতুন অস্ত্রটির বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তবে ইরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত নতুন অস্ত্র তৈরি ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
মোহেব্বির ভাষ্য, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য শত্রুর মোকাবিলার লক্ষ্যেই এসব অস্ত্র তৈরি করা হচ্ছে। মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে চালানো পরীক্ষাগুলোর একটি সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের এই দাবি এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সামরিক উত্তেজনা তীব্র। এর আগে সেপ্টেম্বরের শুরুতে আইআরজিসি দাবি করেছিল, তারা একটি মার্কিন বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেনি এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
এরপরও ইরানি কর্মকর্তারা দাবি করে আসছেন, তাদের নতুন প্রজন্মের অস্ত্র দিয়ে দূরপাল্লায় মার্কিন নৌবাহিনীর জাহাজকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা তৈরি হয়েছে। আইআরজিসির আরেক বক্তব্যে বলা হয়েছিল, প্রায় ৫০০ কিলোমিটার দূর থেকে একটি বিমানবাহী রণতরীকে আঘাত করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মোহেব্বি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে যুদ্ধক্ষেত্রে আরও অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসবে দেশটি। শুধু বর্তমানে প্রকাশ্যে আসা অস্ত্র নয়, আরও কিছু নতুন অস্ত্র রয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
তবে ইরানের দাবির বাইরে নতুন অস্ত্রটির প্রকৃত সক্ষমতা, পরীক্ষার ফলাফল কিংবা এটি কোনো মার্কিন যুদ্ধজাহাজে বাস্তবে আঘাত করেছে কি না—এসব বিষয়ে নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স ও আনাদোলু এজেন্সি
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৩ সেপ্টেম্বর ২০২৬/এএ





