প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিবেশী ও শত্রুরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষের এই ঘটনায় নয়াদিল্লিস্থ পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভারতীয় নৌবাহিনীর একটি ইউনিটের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, দুদেশের নৌবাহিনীর সংঘর্ষের ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা স্পষ্ট করে বিবৃতিতে উল্লেখ করেনি ভারত।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের এমন আচরণ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশল ও সেনা চলাচলের আগাম বিজ্ঞপ্তিসংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পাকিস্তানি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় বার্তা দিতে দেশটির চার্জ ডি’অ্যাফেয়ার্সকে বলা হয়েছে। সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে হওয়া সংশ্লিষ্ট চুক্তিগুলো মেনে চলার বিষয়েও তাদের অবহিত করতে বলা হয়েছে।’
পাকিস্তানি কূটনীতিককে ভারতের এই বার্তা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ সেপ্টেম্বর ২০২৬/এএ





