Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শ্রমবাজারের তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। বিষয়টিও ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে নতুন ইঙ্গিত দিবে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৬৯.২৪ ডলারে নেমে এসেছে। এটি ১৯ আগস্টের পর স্বর্ণের সর্বনিম্ন দাম।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪১৮ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের নজর এখন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের পরিসংখ্যানের দিকে। শ্রমবাজারের শক্তিশালী বা দুর্বল পরিস্থিতি ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। উচ্চ ট্রেজারি ইয়েল্ড সাধারণত সুদবিহীন সম্পদ স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়, যার ফলে স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে।

এদিকে বাংলাদেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। সূত্র: রয়টার্স

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০১ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array