প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে দুটি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) শহরটির বেইত জিন ও রেড হিলস এলাকার মধ্যবর্তী স্থানে গোলা দুটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা। এতে কেউ হতাহত হয়নি।
সানা জানায়, গোলা দুটি কৃষিজমিতে গিয়ে পড়ে। এতে কোনো ধরনের হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৮ আগস্টও একই ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। ওই দিন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের পশ্চিমাঞ্চলে ইয়ারমুক অববাহিকা এলাকায় একটি গোলা নিক্ষেপ করা হয়। গোলাটি আবিদিন শহরের পশ্চিমে একটি উপত্যকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ওই হামলাতেও কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছিল সানা।
ইসরায়েলি হামলার পাশাপাশি সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে দামেস্ক।
সিরিয়ার দাবি, দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে নেওয়া সব ধরনের পদক্ষেপকে অবৈধ ও অকার্যকর বলেও দাবি করছে দামেস্ক।
সানা জানায়, দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলকে পুরোপুরি প্রত্যাহারে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে সিরিয়া। সূত্র : আলজাজিরা
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৮ আগস্ট ২০২৬/এএ





