প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড (সিসিপিবি) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাসেল-৩-এর শর্ত পরিপালনের অংশ হিসেবে এই বন্ড ইস্যু করা হবে। রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
ঢাকা ব্যাংক জানিয়েছে, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের রিস্ক বেইজড ক্যাপিটাল অ্যাডেকোয়েসি নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বন্ড ইস্যুর আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ কমেছে। ব্যাংকের প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ছয় মাসে সমন্বিত ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ১৪ পয়সা।
তবে এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৩৮ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৯ পয়সা বা প্রায় ৩১ শতাংশ।
চলতি বছরের ৩০ জুন শেষে ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সায়।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৫৫ দশমিক ৭৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে থাকা সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ আগস্ট ২০২৬/এএ





