প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবারের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে জ্বালানি রপ্তানি আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সর্বশেষ দফার হামলা সম্পন্ন হয়েছে। এই হামলার ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা চালানোর ইরানের সক্ষমতা হ্রাস পেয়েছে।
সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, টানা ৯০ মিনিটের এই অভিযানে বৃহত্তর তুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।
অন্যদিকে তেহরান দাবি করেছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় পালটা হামলা চালিয়েছে।
একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ বহাল থাকলে পুরো মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত দুটি জাহাজকে থামানো হয়েছে বলেও দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
এর আগে হরমুজ প্রণালী নিয়ে নতুন নৌ-অবরোধের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য প্রণালীটি উন্মুক্ত থাকবে। সূত্র: আল জাজিরা
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ জুলাই ২০২৬/এএ





