Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের বাসিন্দারা জানালায় সুরক্ষা ব্যবস্থা নিচ্ছেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করছেন। কারণ, একটি শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা ‘সুপার টাইফুন’-এ রূপ নেওয়ার আশঙ্কা নিয়ে এলাকাটির দিকে ধেয়ে আসছে।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৩টা পর্যন্ত টাইফুন বাভি মার্শাল দ্বীপপুঞ্জ ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থান করছিল। তখন এর একটানা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৭ কিলোমিটার (১০৪ মাইল) এবং দমকা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৩ কিলোমিটার।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী মারিয়ানা দ্বীপপুঞ্জে পরিস্থিতি খুবই বিপজ্জনক হতে পারে। তাই গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের সব বাসিন্দাকে অন্তত ক্রান্তীয় ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেটিডব্লিউসি জানিয়েছে, পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় শনিবার সকালের দিকে বাভি সুপার টাইফুনে পরিণত হতে পারে। তখন এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার এবং ২৪ ঘণ্টা পর তা বেড়ে ঘণ্টায় ২৭৮ কিলোমিটারে পৌঁছাতে পারে, যা একটি ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য।

জেটিডব্লিউসির সংজ্ঞা অনুযায়ী, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি গতিবেগের ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে সুপার টাইফুন বলা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, কিছুটা দুর্বল হয়ে সোমবার সকালে টাইফুনটি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এর আগে গত এপ্রিলে সুপার টাইফুন সিনলাকুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকাটি, যার ক্ষয়ক্ষতি থেকে এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সূত্র: ফ্রান্স২৪, এএফপি, হিন্দু

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৪ জুলাই ২০২৬/এএ


Array