Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

রোববার (২৮ জুন) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ থেকে ২৭ জুন- এই তিন দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২ দশমিক ৪৫২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ দশমিক ৪৯৯ বিলিয়ন মার্কিন ডলার। ফলে জুন মাসের ২৭ দিন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি হিসাবে ১ দশমিক ৯ শতাংশ হ্রাস দেখা গেছে।

তবে মাসভিত্তিক এ সামান্য নিম্নমুখী প্রবণতা সত্ত্বেও পুরো ২০২৫-২৬ অর্থবছরজুড়ে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের ধারাবাহিক অর্থ পাঠানোর কারণে আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্সে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের অব্যাহত অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় নির্বাহ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৯ জুন ২০২৬/এএ


Array