প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানে আবারও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। জবাবে হরমুজে দুটি জাহাজ, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) আল জাজিরা ও বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বন্দর আব্বাসসহ ইরানের কাশেম দ্বীপ, গোরগান, সিরিক ও মিনাবের দক্ষিণের শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে জানা যায়নি।
হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এটি ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে করা হচ্ছে।
এদিকে মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একইসঙ্গে হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরই তেলের দাম কিছুটা বেড়েছে।
এছাড়া বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রে হামলার জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে জোরদার হয় গত ৯ জুন। হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ওইদিন রাতেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
পাল্টাপাল্টি হামলার পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তির দর-কষাকষিতে ইরান সময় ক্ষেপণ করছে। এ জন্য দেশটিকে মূল্য দিতে হবে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে এক পোস্টে বলেছেন, যেকোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান কঠোরভাবে দাঁড়াবে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১১ জুন ২০২৬/এএ





