Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার না করলে ব্রিটেনের ওপর শুল্ক আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাতে জানা গেছে, ট্রাম্প জানান, যুক্তরাজ্য যদি এই কর বহাল রাখে, তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের বাণিজ্যিক শুল্ক আরোপের পথে যেতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প অভিযোগ করেন, এই করের মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাজ্য ২ শতাংশ হারে ডিজিটাল পরিষেবা কর চালু করে। এই করের আওতায় রয়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান- অ্যাপল, অ্যালফাবেটের গুগল এবং মেটার মতো বড় প্রযুক্তি সংস্থাগুলো।

ট্রাম্প বলেন, ‘আমি এটা পছন্দ করি না যখন তারা আমেরিকান কোম্পানিগুলোকে টার্গেট করে। কারণ এগুলো আমাদের মহান আমেরিকান কোম্পানি—আমরা পছন্দ করি বা না করি, এগুলো বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি দেখছি, এবং খুব সহজেই আমরা এর জবাব দিতে পারি যুক্তরাজ্যের ওপর বড় শুল্ক বসিয়ে। তাই তাদের সাবধান হওয়া উচিত। তারা যদি কর না তুলে দেয়, আমরা সম্ভবত বড় শুল্ক আরোপ করব।’

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ এপ্রিল ২০২৬/এএ


Array