প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রসুন এমন একটি উপাদান, যা পৃথিবীর নানা দেশের রান্নায় বিশেষভাবে জনপ্রিয়। অনেকেই মনে করেন, কোনো খাবারে রসুন একটু বেশি হলেও সমস্যা নেই, বরং তাতে স্বাদ আরও বাড়ে। যারা রসুন পছন্দ করেন, তাদের জন্য ‘জাতীয় রসুন দিবস’ বা ‘ন্যাশনাল গার্লিক ডে’ একটি বিশেষ দিন। এই দিনটি রসুনের ইতিহাস, স্বাদ এবং এর সম্ভাব্য স্বাস্থ্যগুণ নিয়ে জানার একটি ভালো সুযোগ তৈরি করে। পাশাপাশি এটি মানুষকে মনে করিয়ে দেয়, কীভাবে একটি সাধারণ উপাদান ধীরে ধীরে বিশ্বজুড়ে রান্নার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
জাতীয় রসুন দিবসের শুরু কীভাবে
রসুন মানব ইতিহাসে বহু পুরোনো একটি উপাদান। ধারণা করা হয়, প্রায় ৫ হাজার বছর আগে মধ্য এশিয়ায় বন্য রসুনের ব্যবহার শুরু হয়। সময়ের সঙ্গে এটি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে রান্নার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বর্তমানে রসুন ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবারে খুবই গুরুত্বপূর্ণ হলেও প্রাচীন রোমানরা এটি খুব বেশি পছন্দ করতেন না। তবে তাদের সৈন্যরা সাহস বাড়ানোর জন্য রসুন খেতেন বলে জানা যায়। মধ্যযুগ ও রেনেসাঁ সময়কালে রান্নায় রসুনের ব্যবহার বাড়তে শুরু করে। তখন এটি সাধারণ মানুষের খাবার হিসেবে বিবেচিত হওয়ায় খুব অল্প পরিমাণে ব্যবহার করা হতো। পরে উনবিংশ শতাব্দীর শেষ দিকে রসুন ধীরে ধীরে পেশাদার রন্ধনশিল্পীদের নজরে আসে। বর্তমানে ইতালিয়ান, ফরাসি ও ভূমধ্যসাগরীয় খাবারসহ বিশ্বের বিভিন্ন দেশের রান্নায় রসুন অপরিহার্য একটি উপাদান। বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রেও এটি জনপ্রিয়তা পায়।
রসুনের ব্যবহার ও বিশ্বাস
রসুনকে ঘিরে নানা লোকবিশ্বাসও রয়েছে। অতীতে এটি নাকি ভ্যাম্পায়ার বা অশুভ শক্তি দূরে রাখতে ব্যবহার করা হতো। যদিও এসব ধারণা মূলত লোককথার অংশ। এর পাশাপাশি রসুন তার ভেষজ গুণ নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। অনেকেই মনে করেন, এটি রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। যদিও এসব বিষয়ে সঠিক ফল পেতে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। জাতীয় রসুন দিবস শুধু একটি উদযাপন নয়, বরং এটি একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানকে নতুনভাবে দেখার সুযোগ। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত এই ছোট উপাদানটির রয়েছে দীর্ঘ ইতিহাস ও বৈচিত্র্যময় ব্যবহার। তাই এই দিনে খাবারে রসুন ব্যবহার করে এর স্বাদ ও গন্ধ উপভোগ করুন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৯ এপ্রিল ২০২৬/এএ





