প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মাঝে মাঝে সামান্য পুনর্বিন্যাস পুরো ঘরের আদল পালটে দিতে পারে! আসবাবপত্রগুলো নাড়াচাড়া করে দেখুন, নতুন করে সাজান। এতে ফ্লোরের রঙ যেমন নষ্ট হয় না, তেমন ঘরেও আসে নতুনত্ব। কিছু আসবাব ঘর-বদল করুন, শো-পিস নতুন করে সাজান। নতুন আমেজ পেতে হলে সবসময় নতুন জিনিস কিনতেই হবে এমন কোনো কথা নেই। ঘর সাজানো মানেই অনেক খরচ নয়। স্বল্প খরচেই সাজিয়ে তুলতে পারেন আপনার ঘরের পরিবেশ। একটুখানি বুদ্ধি খাটালে আপনার সাদামাটা ঘরটিও হয়ে উঠবে জমকালো। সেইসঙ্গে মিলবে আপনার রুচিশীলতার পরিচয়। চলুন জেনে নিই কিছু উপায়, কম খরচে কিভাবে ঘর সাজাবেন:
পুরানো ছবি বাঁধাই করুন
কত ছবি অ্যালবামে পড়ে থাকে দিনের পর দিন, খুলেই দেখা হয় না বহুদিন ধরে। ছবিগুলো অল্প খরচে বাঁধাই করে নিন, খোলা দেয়ালে মনের মতো সাজান। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আপনার স্মৃতিময় হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো আপনার ঘরকে রাঙ্গিয়ে রাখবে।
রাস্তার পাশের দোকান থেকে কিনুন
সবসময় বড় দোকানগুলো থেকে যে শো-পিস বা ঘর সাজানোর জিনিস কিনতে হবে এমন তো নয়। অনেক সময় রাস্তার পাশেও পাওয়া যায় দারুণ সব ঘর সাজানোর জিনিস। পথে আসা যাওয়ার সময় খেয়াল করুন রাস্তার দোকানগুলোকে। সেখানে পেয়ে যেতে পারেন আপনার পছন্দের কোনো ঘর সাজানোর উপকরণ।
পুরানো জিনিসে নতুনত্ব দেওয়া
পুরোনো পালঙ্ক, ট্রাংক, গ্রামোফোন, কারুকাজ করা বসার তেপায়া—এসবই একটু রং বা মেরামতি করে অত্যন্ত অভিজাত একটি রূপ দিতে পারেন। আগে তো বিয়ে বাড়িতে উপহার হিসেবে পিতলের পানপাত্র, সুরাই, ফুলদানি ইত্যাদি দেওয়ার প্রচলন ছিল। পুরোনো এসব সামগ্রীর অ্যান্টিক মূল্য আছে বলে বিভিন্ন বাণিজ্যিক বা ঘরোয়া পরিষ্কারক দ্রব্য ব্যবহারে পরিষ্কার করে তা দিয়ে ঘরের কোণটি অন্য রকমভাবে সাজিয়ে নিতে পারেন। এছাড়া জমিয়ে রাখা নুড়ি পাথর, ঝিনুক বা মার্বেল অথবা জমানো ডাকটিকিটগুলো একটা কাঁচের পাত্রে সাজিয়ে রাখতে পারেন। এতে আপনার ঘর হবে একটু ভিন্নভাবে সজ্জিত এবং ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
আনাচে কানাচে সবুজের ছোঁয়া
যাদের বাগান করার সখ আছে, তারা ঘরের বারান্দা, ছাদ ছাড়াও জানালার ধার ঘেঁষে লতানো গান, ছোট ফুলের গাছ লাগাতে পারেন। বারান্দার সিলিং থেকে ঝুলন্ত টবে আপনার পছন্দের গাছ রাখতে পারেন। গাছ আপনার বাসাকে রঙিন ও জীবন্ত করে তুলবে। পুরোনো বোতল কেটে বা টিনের কৌটায় অথবা কাচের ছোট জারে ছোট ছোট গাছ, পাতাবাহার বা ক্যাক্টাস গাছ এনে সাজাতে পারেন। বইয়ের তাকে, কিংবা জানালার কার্নিশে, টেবিলের ওপর বা আসবাবের পাশে অল্পস্বল্প সবুজের ছোঁয়া আপনার ঘরে নিয়ে আসবে সজীবতা।
ফুল দিয়ে ঘর সাজান
কম খরচে ঘর সাজাতে ফুলের বিকল্প নেই। ঘরে ফুল রাখলে দেখবেন, সেখানে প্রশান্তি বিরাজ করছে। একগুচ্ছ তাজা ফুল ঘরের এক কোনায় রাখলে মন যেমন ভালো হবে, তেমনি ঘরকে লাগবে উজ্জ্বল। যা দেখতে শৈল্পিক ও দৃষ্টিনন্দন সাথে আপনার খরচের টাকাও বাঁচিয়ে দিবে।
ল্যাম্পশেড
অল্প খরচে ঘরে আভিজাত্য ফুটিয়ে তুলতে চাইলে ল্যাম্পের জুড়ি মেলা ভার। ঘরের এক কোণে একটি রঙিন ল্যাম্প রেখে দিন। সেটা হতে পারে হলুদ, লাল, নীল, কমলা কিংবা সবুজ অথবা বেশ কিছু রঙের মিশ্রণে তৈরি ল্যাম্প পাওয়া যায় বাজারে। এছাড়া ঝুলানোর জন্য বিশেষ কিছু ল্যাম্প পাওয়া যায়, এর যেকোনো একটা ল্যাম্প আপনি ঘরের কোণে রেখে দিতে পারেন।
ঘর সাজানোর ক্ষেত্রে একটু বুদ্ধি আর সৃজনশীলতা আপনার ব্যক্তিত্ব আর রুচিশীলতাকে ফুটিয়ে তুলবে। ঘর এমনভাবে সাজানো উচিত যাতে সারা দিনের কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে ঘরে ফিরলেও মনটা প্রশান্তিতে ভরে যায়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ মার্চ ২০২৩ /এমএম





