প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আজ আয়োজন করে ভালবাসার দিন। ভালবাসার এই উৎসবে মেতে ওঠার প্রস্তুতি প্রায় তুঙ্গে। অনেকের মতে, ভালবাসার জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। ভালবাসা তো অনুভূতি। বছরের প্রতি দিনই প্রেমের উৎসব হতে পারে। তবে শহর এবং শহরতলি জুড়ে এই উদযাপনে যে সবাই অংশ নেন, এমন নয়। বসন্ত সব সময়ে সকলের জীবনে প্রেম নিয়ে আসে না। ভালবাসার জাঁকজমক আর সঙ্গীহীনের মনখারাপ— এই দু’টি ঘটনা সমান্তরালে চলতে থাকে। প্রেম দিবসের হইচই থেকে নিজেদের আড়াল করে রাখতে সঙ্গীহীনরা এই দিনটিতে কী কী করতে পারেন?
বন্ধুবৃত্তে কি সকলেই ‘দোকা’? তা না হলে প্রেম দিবসে কোনও পরিকল্পনা নেই এমন বন্ধুর সঙ্গে সারাটা দিন কাটাতে পারেন। তাকে আপনার বাড়িতে ডেকে নিতে পারেন। কিংবা একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। তা হলে কিছুটা হলেও মনখারাপ ভাগ করে নিতে পারবেন।ভালবাসায় মোড়া দিনে অনেকেই সঙ্গীর সঙ্গে রেস্তরাঁর নিভৃত কোণে মগ্ন থাকবেন। শহরের প্রায় প্রতিটি রেস্তরাঁর চিত্রটি এমনই হয়ে উঠবে। সে ক্ষেত্রে মনের ভার বাড়াতে একটা দিন না-ই বা গেলেন রেস্তরাঁয় ভূরিভোজ করতে। বাড়িতেই আনিয়ে নিতে পারেন পছন্দের খাবার।
খাবারের স্বাদ আর ঘ্রাণ মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। ভালবাসার দিন বলে নয়, সারা বছর যে কোনও বিষণ্ণতার অন্যতম সঙ্গী হতে পারে রকমারি খাবার। মনের যত্ন নিতে এ দিন ডায়েট না করলেও চলে। এক দিন ভাল-মন্দ খেলে খুব বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আইসক্রিম খেতে ভালবাসলে, আগে থেকে আনিয়ে রাখুন। ফেসবুকের পাতায় বন্ধুদের প্রেম উদযাপন দেখে মনটা টনটন করে উঠলে একটু আইসক্রিম খেয়ে নিতে পারেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম





