প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শীত মানেই পিঠাপুলির মৌসুম। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। কুয়াশা ভেজা শীতের সকালে ধোয়া ওঠা গরম ভাপা পিঠার কোন তুলনা নেই।
অন্যসব পিঠার মধ্যে জনপ্রিয় পিঠা হলো ধুপি বা ভাপা পিঠা ও কাশ্মীরি ভাপা পিঠা। গ্রামীণ মানুষদের খাদ্য হিসাবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। রাস্তাঘাটে এমনকী রেস্তরাঁতে আজকাল ভাপা পিঠা পাওয়া যায়। এই পিঠা অনেক অঞ্চলে ধুপি নামেও পরিচিত। কাশ্মীরি ভাপা পিঠাও খেতে বেশ সুস্বাদু। অতিথি আপ্যায়নে ভাপা পিঠা ও কাশ্মীরি ভাপা পিঠার জুড়ি নেই। শীতের হাড়কাঁপানো ঠান্ডায় গুড়, নারিকেল, সন্দেশের আদরে ভাপানো গরম গরম ভাপা পিঠা সারা জগতের বিস্ময়। কামড় দিলেই মিলবে নারিকেল, গুড়ের মোহময়ী প্রেমের আভাস। তবে যদি পিঠে অল্প ভেঙে নিয়ে গুড় ঢেলে খান তাহলে ভাপা গুড় আর টাটকা গুড়ের মিলমিশে ভাপা পিঠা ও কাশ্মীরি ভাপা পিঠা জিতে নেবেই পিঠে পার্বণের সেরার শিরোপা।
ধুপি বা ভাপা পিঠা
উপকরণ
সুগন্ধী আতপ চালের গুঁড়ো: ৪ কাপ
নারিকেল কোরা: ২ কাপ
খেজুর গুড়: ৬০০ গ্রাম
ঘন দুধ: ২ কাপ
সন্দেশ: ২ কাপ
লবণ: পরিমাণমতো
প্রণালি
চালের গুঁড়া, লবণ আর হালকা গরম পানি দিয়ে গুলে জালিতে চেলে নিন। ঘন দুধে সন্দেশ মিশিয়ে নিন। ছোট স্টিলের বাটিতে প্রথমে চালের গুঁড়া এরপর নারিকেল দিন, তার ওপরে পাটালি দিন (ছোট করে ভেঙে নিন), তারপর দুধ-সন্দেশের মালাই দিন। চালের গুঁড়া দিয়ে পাতলা সাদা কাপড় দিয়ে মুড়ে নিন। ডেকচিতে পানি গরম করে ফুটতে থাকলে তার ওপর স্টিলের বাটি বসিয়ে দিন। উপরে ঢাকা দেবেন। দশ মিনিট পর পিঠে নামিয়ে নিয়ে গুড় দিয়ে গরম গরম পরিবেশন করুন।
কাশ্মীরি ভাপা পিঠা
উপকরণ:
আতপ চালের গুঁড়া: ২ কাপ
পোলাওর চালের গুঁড়া: ১ কাপ
তরল দুধ: ১ কাপ
খেজুরের গুড়: ১ কাপ
মাওয়া: ৩ টেবিল চামচ
পেস্তাবাদাম: ২ টেবিল চামচ
কাজুবাদাম: ২ টেবিল চামচ
কিশমিশ: ৩ টেবিল চামচ
কাঠবাদাম: ২ টেবিল চামচ
লবণ: সামান্য
প্রণালি
চালের গুঁড়ার সঙ্গে সামান্য লবণ ও দুধ মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। চালুনি দিয়ে চেলে নিন। ভাপা পিঠার ডাইসে সামান্য চালের গুঁড়া দিয়ে বাদাম, কিশমিশ, গুঁড়া মাওয়া দিয়ে আবার ওপরে চালের গুঁড়া দিয়ে হালকাভাবে চেপে ভাপা পিঠার পাত্রে পিঠা তৈরি করে নিন। গরম–গরম পরিবেশন করুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ডিসেম্বর ২০২২ /এমএম





