প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত ২৪ দিনে দুই দফায় রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দুই দফায় ১২ কেজির সিডিলন্ডারপ্রতি দাম বাড়ানো হয়েছে মোট ২৮০ টাকা। সবশেষ আজ গ্রাহক পর্যায়ে কেজিতে সাড়ে ৪ টাকা হারে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৯ টাকা থেকে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কেজিতে সাড়ে ৪ টাকা হারে বাড়িয়ে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বিইআরসি।
মাত্র তিন সপ্তাহ আগেই এলপিজির দাম বাড়ায় সরকার। গত ১০ অক্টোবর বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল মূসকসহ ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৩৩ টাকা থেকে ২২৬ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৯ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ এ হিসেবে তিন সপ্তাহে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হলো ২৮০ টাকা।তার আগে গত ২৯ জুলাই ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৯১ থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়। আগস্ট মাস থেকে এই দাম কার্যকর হয়।
গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজি গ্যাসের দাম বেধে দেয় বিইআরসি। তখন বলা হয়েছিল, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য ধরা হয়েছে। সৌদির দর উঠা-নামা করলে এলপিজির মূল্য উঠা-নামা করবে। আমদানিকারকের অন্যান্য কমিশন ও খরচ অপরিবর্তিত থাকবে। কমিশনের সেই নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসে দর নির্ধারণ করা হচ্ছে।
নতুন করে দাম বাড়িয়ে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসক ব্যতীত প্রতি কেজি ১০২ টাকা ৫৪ পয়সা এবং মূসকসহ মূল্য হবে প্রতি কেজি ১০৯ টাকা ৪২ পয়সা। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মুসকসহ মূল্য ১ হাজার ৩১৩ টাকা। এ আদেশ ৪ নভেম্বর থেকে প্রযোজ্য ও কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দামই বহাল থাকবে।
কেজিপ্রতি এলপিজির দাম নির্ধারণের পাশাপাশি সিলিন্ডারের আকার অনুযায়ীও দাম নির্ধারণ করে দিয়েছে বিইআরসি। বিইআরসির নির্ধারণ করা দাম অনুযায়ী, এখন থেকে ১২ কেজি এলজিজির সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৩১৩ টাকায়।১২ কেজির পাশাপাশি সাড়ে ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দামও নির্ধারিত হয়েছে।
এখন থেকে সাড়ে ৫ কেজি ৬০২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৩৬৮ টাকা, ১৫ কেজি ১ হাজার ৬৪১ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭৫১ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯৭০ টাকা, ২০ কেজি ২ হাজার ১৮৮ টাকা, ২২ কেজি ২ হাজার ৪০৭ টাকা, ২৫ কেজি ২ হাজার ৭৩৫ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২৮৩ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৬১১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৮২৯ টাকা ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি। এ বিষয়ে গঠিত কমিটি এলপিজির নতুন দাম নির্ধারণ সংক্রান্ত সুপারিশসহ প্রতিবেদন দেয় ২ নভেম্বর। আর ৩ নভেম্বর বিসিআরসি চেয়ারম্যানের সভাপতিত্বে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়।
এলপিজির পাশাপাশি রেটিকুলেটেড এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা এলপিজির দাম ভোক্তাপর্যায়ে মূসক ছাড়া প্রতি কেজি ৯৯ টাকা ৩৭ পয়সা এবং মূসকসহ প্রতি কেজি ১০৬ টাকা ১৯ পয়সা ঠিক করা হয়েছে। অক্টোবরে এ গ্যাসের দাম মূসক ছাড়া প্রতি কেজি ছিল ৯৫ টাকা ১৭ পয়সা এবং মূসকসহ প্রতি কেজি ১০১ টাকা ৬৮ পয়সা।
আর যানবাহানে ব্যবহৃত অটোগ্যাসের মূসক ছাড়া দাম প্রতি লিটার ৫৭ টাকা ৬১ পয়সা এবং মূসকসহ ৬১ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে এই গ্যাসের দাম মূসক ছাড়া প্রতি লিটার ৫৫ টাকা ২৭ পয়সা এবং মূসকসহ ৫৮ টাকা ৬৮ পয়সা ছিল।এদিকে আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী দাম সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ নভেম্বর ২০২১ /এমএম





