Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে প্রায়ই ঘরের ইন্টেরিয়র ডেকোরেশনের ঝাঁ চকচকে ছবি চোখে পড়ে। আপনি হয়তো ভাবছেন আপনার নিজের ঘরটিকেও সেভাবে সাজাবেন। কিন্তু, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এক্ষেত্রে কার সহায়তা নেবেন। ঘর সাজানোর জন্য লোক খুঁজতে গিয়ে দেখতে পেলেন, কিছু পেশাদার নিজেদেরকে ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে চিহ্নিত করছে; আর অন্যরা ইন্টেরিয়র ডেকোরেটর। এখন প্রশ্ন হল, আপনি কাদেরকে বেছে নেবেন, কিংবা আপনার প্রয়োজন কোনটি?

ইন্টেরিয়র ডিজাইন এবং ইন্টেরিয়র ডেকোরেশন, দু’টি কাজ খালি চোখে একই মনে হলেও, এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। একটি বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করার সময় অনেক ধরনের সৃজনশীল চিন্তা, কর্ম পরিকল্পনা, দক্ষ কারিগরদের সহযোগিতার প্রয়োজন হয়। আপনি ডিজাইনার হিসেবে কাকে নিয়োগ করবেন তা সম্পূর্ণ আপনার প্রয়োজনের উপর নির্ভর করে। অনেকসময় ইন্টেরিয়র নতুন করে সাজানোর সময় কিছু কাঠামোগত পরিবর্তন আনার প্রয়োজন পড়ে। যেমন একটা দেয়াল অপসারণ করা বা যোগ করা, নতুন জানালা বা দরজা তৈরি, ইত্যাদি। পরবর্তীতে দেয়ালের উপর বোর্ড বা কাঠের কাজ অথবা টেক্সচার পেইন্ট, সিলিং, ক্যাবিনেট বা ফার্ণিচার ইন্সটলেশন, লাইটিং ইত্যাদি সবকিছুকে সমন্বয় করে ডিজাইন সাজাতে হয়। সেক্ষেত্রে আপনাকে একজন দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার নির্বাচন করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত বেশিরভাগ স্থপতি ও স্থাপত্যপ্রতিষ্ঠান সরাসরি ইন্টেরিয়র ডিজাইনের কাজে জড়িত। যেহেতু স্থাপত্যচর্চা এমন একটি ক্ষেত্র, যেখানে একটি স্থাপনার নান্দনিকতার পাশাপাশি আলো, বাতাস, ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা, সক্ষমতা ইত্যাদি বিষয়কে গভীরভাবে বিবেচনা করেই নকশা প্রণয়ন করা হয়, সে কারণে ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রেও স্থপতিরা দক্ষতার ছাপ রেখে থাকেন। এছাড়াও আজকাল প্রাতিষ্ঠানিকভাবে অনেকে ইন্টেরিয়র ডিজাইনের উপর ডিপ্লোমা বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে ডিজাইনের কাজ করেন।

ইন্টেরিয়র ডিজাইনিংয়ের শর্ট কোর্সগুলোতে সাধারণত রঙ এবং ফেব্রিক নিয়ে আলোচনা, কম্পিউটার-এইডেড ডিজাইন (ক্যাড) প্রশিক্ষণ, আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইনের প্রাথমিক ধারণা, অঙ্কন, একটি নির্দিষ্ট স্থানের পরিকল্পনা, আসবাবপত্রের নকশা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে। ক্লায়েন্টের সামর্থ্য ও রুচি অনুযায়ী একজন দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করতে সাহায্য করতে পারেন, এবং প্রয়োজনে স্থপতি ও কন্ট্রাক্টরের সাথে আলাপ-আলোচনা করে কাজ করেন।

অন্যদিকে, আপনি যে ঘরটি সাজাতে চাইছেন, সেখানে যদি কোনো কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন না হয়, তবে একজন ইন্টেরিয়র ডেকোরেটর-ই আপনাকে সাহায্য করতে পারবেন। তারা নতুন করে কিছু তৈরি করেন না, তবে দেয়ালের জন্য নতুন ওয়ালপেপার বা পেইন্ট, কিছু আসবাবপত্র নির্বাচন, পর্দা, ম্যাট, শো-পিস ইত্যাদি আনুষাঙ্গিক বিষয়কে একসঙ্গে সাজিয়ে তিনি আপনার ঘরটিকে ভিন্ন রূপ এনে দেবেন।

ইদানিং ইন্টেরিয়র ডেকোরেশনের কাঁচামাল বিক্রেতা প্রতিষ্ঠান—অর্থাৎ বোর্ডের ইমপোর্টার, বা ওয়ালপেপার , গ্লাস কিংবা ফার্নিচারের দোকানগুলোও নিজেদেরকে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে দাবি করে মার্কেটিং চালাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এধরনের অনেক বিজ্ঞাপন চোখে পড়ে। সাধারণত পেশাদার স্থপতি বা ইন্টেরিয়র ডিজাইনারের চেয়ে তুলনামূলক কম খরচে এসব সেবা পাওয়া যাচ্ছে বিধায় অনেকেই আগ্রহী হচ্ছেন। কিন্তু যেহেতু তারা এ বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে অভিজ্ঞ নন এবং সাধারণত স্পেস ডিজাইনের বিভিন্ন বিষয়ে তারা সীমিত ধারণা রাখেন, সে কারণে ক্লায়েন্টের চাহিদা ও মননের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রে বড় ফারাক দেখা দেয়। অনেকক্ষেত্রেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা ডেকোরেশনের নমুনা একেবারে অবিকল বসিয়ে দেয়া হচ্ছে, যেটি বেশিরভাগ সময় ওই স্থানটির প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়না। ফলে ক্লায়েন্ট যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি নেতিবাচক ধারণা তৈরি হয় ইন্টেরিয়র ডিজাইনার বা ডেকোরেটরদের ব্যাপারে। তাই এই দুই পেশায় নিয়োজিত পেশাজীবী ও ক্লায়েন্টের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও জরুরি।

বিশ্বের অনেক দেশেই অন্দরসজ্জার কাজটি একটি আকর্ষণীয় পেশা। তবে এজন্য প্রয়োজনীয় ডিগ্রী ও সার্টিফিকেশনের দরকার হয়। বাংলাদেশে সার্টিফায়েড ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে নিবন্ধিত হতে হবে, এমন কোন নীতিমালা নেই। সে কারণে অনেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া এই পেশায় আসছেন। তাই ডিজাইনের পেশাদারিত্ব নিয়ে খানিকটা সংশয় থেকেই যায়। সেক্ষেত্রে ক্লায়েন্টকেই উপযুক্ত কর্মী বাছাই করে নিতে হবে। মনে রাখতে হবে, ইন্টেরিয়র ডিজাইনাররা সাধারণত স্থপতি, কন্ট্রাক্টর কিংবা ডেভেলপারদের সাথে নিবিড়ভাবে কাজ করে, যা একজন ক্লায়েন্টের কাঙ্ক্ষিত একটি স্পেসকে সর্বোচ্চ ব্যবহার উপযোগী এবং নান্দনিক করে তোলে। আর ভালো ডেকোরেটরের কাজ হল রঙ নির্বাচন, আসবাবপত্র ও আনুষাঙ্গিক কেনা এবং তা বিন্যাসে সহায়তা করা। ডেকোরেটররা সাধারণত স্থপতি বা ডেভেলপারদের সাথে সম্পৃক্ত নন, তবে তারা আসবাবপত্র বিক্রেতা, গৃহসজ্জার সামগ্রীর দোকানের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেন। অবশ্য অনেক অভিজ্ঞ ইন্টেরিয়র ডেকোরেটর আছেন, যারা দীর্ঘ অভিজ্ঞতার ফলে ইন্টেরিয়র ডিজাইনারের মতো করেই কাজ করতে পুরোপুরি সক্ষম।

আপনার স্বপ্নের ঘরটি সাজাবার জন্য পেশাদার কাউকে নিয়োগ করুন। আপনার নিজের চাহিদা ও প্রয়োজনীয়তা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন। একজন স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার বা ডেকোরেটরের সঙ্গে আলাপ করুন, ভেবে দেখুন কে আপনাকে চাহিদার সর্বোচ্চ প্রতিফলন ঘটাবেন। এক্ষেত্রে অভিজ্ঞ কিংবা স্বীকৃত ও দক্ষ কারোর সন্ধান করলেই সবচেয়ে ভালো ফল পাবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ অক্টোবর  ২০২১ /এমএম

 

 


Array