Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে মুরগি ও সব ধরনের সবজির দাম। প্রতিকেজি সবজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। ব্যাবসায়ীদের ভাষ্য মতে, বাজারে চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় দাম বেড়েছে।শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, মোহাম্মদপুর ও আদাবর বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। গত সপ্তাহে যা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৪৫ টাকা দাম বেড়ে এখন প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। সোনালি মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৯০ টাকা, লেয়ার মুরগি ২৩০ টাকায়।মুরগি বিক্রেতা মুকুল খান বলেন, দেশে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান চলার কারনে চাহিদা প্রচুর সেই হিসেবে উৎপাদন নাই। একটা মুরগি ছোট থেকে বড় হতে সময় লাগে। ফলে আমদানি কম। আমাদেরই কিনে আনতে হচ্ছে বেশি দামে। দাম বেশি দিয়েও সাইজ অনুযায়ী মুরগী পাচ্ছি না। তাই দাম বেড়েছে।

এদিকে আবারও বেশির ভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। প্রতিকেজি টমেটো ১২০ টাকা, সিম ১৪০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, গোল বেগুন ৯০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, পাতা কপি ছোট প্রতিপিস ৩৫ থেকে ৪০ টাকা, ফুল কপি মাঝারি প্রতিপিস ৫০ টাকা, চাল কুমড়া প্রতিপিস ৪০ টাকা, প্রতিকেজি করলা ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।এছাড়া বাজারে আলু প্রতি কেজি ২২ থেকে ২৫ টাকা। পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা। প্রতিকেজি কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা। কাঁচা কলার হালি ৩০ থেকে ৩৫ টাকা। পেঁপে প্রতিকেজি ৩০ টাকা। শসা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুরের সবজি বিক্রেতা রাশেদ হাসান বলেন, বাজারে প্রচুর সবজির চাহিদা রয়েছে। তবে চাহিদা অনুপাতে আমদানি খুবই কম। তাই অল্প আমদানির কারণে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে এবং বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।এছাড়া বাজারে লাল ডিম ডজন বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা, হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ অক্টোবর  ২০২১ /এমএম


Array